logo
চ্যানেল জৈন্তা নিউজ
জাতীয় ০৯ সেপ্টেম্বর ২০২৬ ০৪:১২ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

স্থানীয় সরকার নির্বাচন হবে অবাধ-সুষ্ঠু, মাঠে থাকবে প্রযুক্তির নজরদারি

চ্যানেল জৈন্তা নিউজ ০৯ সেপ্টেম্বর ২০২৬ ০৪:১২ অপরাহ্ন জাতীয়
চ্যানেল জৈন্তা নিউজ ০৯ সেপ্টেম্বর ২০২৬ ০৪:১২ অপরাহ্ন
স্থানীয় সরকার নির্বাচন হবে অবাধ-সুষ্ঠু, মাঠে থাকবে প্রযুক্তির নজরদারি

ঢাকা, ৯ সেপ্টেম্বর:

ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ধারাবাহিকতায় আসন্ন স্থানীয় সরকার নির্বাচনও অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে নির্বাচন কমিশন (ইসি) পুরোপুরি বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম. এম. নাসির উদ্দিন।


নির্বাচনকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে পুলিশের সার্বিক সহযোগিতা চাওয়া হয়েছে জানিয়ে সিইসি বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে শতভাগ আইনানুগ ও সঠিক নির্দেশনা দেওয়া হবে।


বুধবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে ‘নির্বাচনি দায়িত্ব পেশাদারিত্বের সাথে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ’ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।


সিইসি বলেন, একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করা নির্বাচন কমিশনের সাংবিধানিক ও আইনি দায়িত্ব। একই সঙ্গে নির্বাচন কমিশনকে সহযোগিতা করাও পুলিশ ও প্রশাসনের সাংবিধানিক দায়িত্ব।


তিনি বলেন, জাতীয় নির্বাচন যেভাবে সুন্দরভাবে সম্পন্ন করা হয়েছে, একইভাবে স্থানীয় সরকার নির্বাচনও গ্রহণযোগ্য মাপকাঠিতে আয়োজন করতে চায় কমিশন। এ জন্য পুলিশের সহযোগিতা চাওয়া হয়েছে এবং আইজিপি একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে যথাযথভাবে কাজ করার আশ্বাস দিয়েছেন।

নির্বাচনে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের পরিকল্পনার কথাও জানান সিইসি। তিনি বলেন, সিসি ক্যামেরা ও বডি ওর্ন ক্যামেরাসহ বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করা হবে। নির্বাচনের সময় মাঠের পরিস্থিতি রিয়েল-টাইম ডিজিটাল মনিটরিংয়ের আওতায় থাকবে।


এর ফলে কোথাও কোনো সমস্যা দেখা দিলে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকবে বলে জানান তিনি।


স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ও সময়কাল নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন, অতীতে সারাদেশে স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করতে ১০ মাস থেকে এক বছর পর্যন্ত সময় লাগত।


তবে এবার ইউনিয়ন পরিষদ ছাড়া বাকি সব ভেঙে দেওয়া হয়েছে। ফলে ধাপে ধাপে নির্বাচন আয়োজন করতে হবে। তারপরও নির্বাচন সম্পন্ন করতে প্রয়োজনীয় সময় আরও কমিয়ে আনার চেষ্টা করবে কমিশন।


তিনি জানান, সার্বিক প্রস্তুতি শেষ করে খুব শিগগিরই উপযুক্ত সময়ে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

নির্বাচন কমিশনের ওপর মানুষের আস্থার প্রসঙ্গ তুলে সিইসি বলেন, অতীতে নির্বাচন কমিশনের প্রতি মানুষের যে আস্থা নষ্ট হয়েছিল, ত্রয়োদশ জাতীয় নির্বাচনের মাধ্যমে তা অনেকাংশে পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে।


একই সঙ্গে সিভিল প্রশাসন, পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিও মানুষের যে আস্থার সংকট তৈরি হয়েছিল, সেটিও বর্তমানে অনেকটাই দূর হয়েছে বলে মন্তব্য করেন তিনি।


সিইসি আরও জানান, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন দলীয় ভিত্তিতে অনুষ্ঠিত হবে না। তফসিল ঘোষণার পর বিদ্যমান আইন অনুযায়ী যারা যোগ্য বিবেচিত হবেন, কেবল তারাই মনোনয়নপত্র জমা দিতে পারবেন।


তবে কারও ক্ষেত্রে আইনি বাধা থাকলে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না।


অনুষ্ঠানে পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) মো. আলী হাসান ফকির, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীসহ পুলিশের ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/17527
Page of