logo
চ্যানেল জৈন্তা নিউজ
জাতীয় ০৭ সেপ্টেম্বর ২০২৬ ০১:১২ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ
৫ বছর বা ৬৫ বছর বয়স পর্যন্ত দায়িত্বে থাকবেন

পিএসসির নতুন চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন নাজমুজ্জামান ভূঁইয়া

চ্যানেল জৈন্তা নিউজ ০৭ সেপ্টেম্বর ২০২৬ ০১:১২ পূর্বাহ্ন জাতীয়
চ্যানেল জৈন্তা নিউজ ০৭ সেপ্টেম্বর ২০২৬ ০১:১২ পূর্বাহ্ন
পিএসসির নতুন চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন নাজমুজ্জামান ভূঁইয়া

ঢাকা : বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া শপথ নিয়েছেন।


রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল ৩টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাকে শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। শপথ অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি, পিএসসির সদস্য ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী।

এর আগে গত ২ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়াকে পিএসসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক।


প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি জনস্বার্থে অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়াকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সভাপতি পদে নিয়োগ দিয়েছেন।


সংবিধানের ১৩৯(১) অনুচ্ছেদ অনুযায়ী, দায়িত্বভার গ্রহণের তারিখ থেকে পাঁচ বছর অথবা ৬৫ বছর বয়স পূর্ণ হওয়া—এর মধ্যে যেটি আগে ঘটে, ততদিন তিনি পিএসসির সভাপতি পদে বহাল থাকবেন।

অধ্যাপক নাজমুজ্জামান ভূঁইয়ার নিয়োগের আগে পিএসসি চেয়ারম্যানের পদটি শূন্য ছিল। গত ১৮ আগস্ট চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোবাশ্বের মোনেম। ওই দিন তিনি পিএসসি সচিবালয়ে পদত্যাগপত্র জমা দেন বলে কমিশনের জনসংযোগ কর্মকর্তা নিশ্চিত করেছিলেন।


অধ্যাপক মোবাশ্বের মোনেম ২০২৪ সালের অক্টোবরে পিএসসি চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছিলেন। তার পদত্যাগের পর নতুন চেয়ারম্যান হিসেবে অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়াকে নিয়োগ দেওয়া হয়।


নতুন চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে সাংবিধানিক প্রতিষ্ঠান বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের শীর্ষ পদে নতুন নেতৃত্বের যাত্রা শুরু হলো।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/17505
Page of