মাধবপুর থেকে অপহরণের ১২ ঘণ্টা পর সিলেটে স্কুলছাত্র উদ্ধার
হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর থেকে অপহরণের অভিযোগ ওঠার প্রায় ১২ ঘণ্টা পর সিলেটের শাহপরান এলাকা থেকে এক স্কুলছাত্রকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে পরিবারের কাছে তুলে দেওয়া হয়।
উদ্ধার হওয়া কিশোরের নাম সৈয়দ সাদাফ। সে মাধবপুর উপজেলার নোয়াপাড়া এলাকার সৈয়দ সঈদ উদ্দিন হাই স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
পরিবারের বরাত দিয়ে জানা গেছে, বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে তিন থেকে চারজনের একটি দল সাদাফের মাথায় আঘাত করে জোরপূর্বক একটি হাইএস গাড়িতে তুলে নেয়। এরপর তাকে নিয়ে দীর্ঘ সময় বিভিন্ন স্থানে ঘোরানো হয়।
সাদাফের ভাষ্য অনুযায়ী, গাড়িতে থাকা ব্যক্তিরা নিজেদের মধ্যে হিন্দিতে কথা বলছিলেন। রাত শেষ হওয়ার আগমুহূর্তে সিলেটের জাফলং সড়কঘেঁষা শাহপরান এলাকায় তাকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে চলে যায় অপহরণকারীরা।
পরদিন শুক্রবার সকালে স্থানীয় এলাকাবাসী ও এক সিএনজি অটোরিকশাচালকের নজরে আসে সাদাফের অবস্থান। পরে খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে ছুটে আসেন এবং তাকে উদ্ধার করে নিয়ে যান।
এদিকে, বিষয়টি সম্পর্কে জানতে চাইলে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, অপহরণের বিষয়টি তিনি শুনেননি। এ ঘটনায় থানায় কেউ কোনো সাধারণ ডায়েরিও (জিডি) করেনি।
তবে তিনি অভিভাবকদের সন্তানদের বিষয়ে আরও সচেতন ও সতর্ক থাকার পরামর্শ দেন।
ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তবে অপহরণের অভিযোগের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক তদন্ত বা পরবর্তী কোনো পদক্ষেপের তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।