লাখাইয়ের শতবর্ষী রাঢিশাল করাব উচ্চ বিদ্যালয়কে সরকারিকরণের দাবি
লাখাই প্রতিনিধি:
হবিগঞ্জের লাখাই উপজেলার সবচেয়ে প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান শতবর্ষী রাঢিশাল করাব উচ্চ বিদ্যালয় (স্মারক নং-৭৭/২৬) সরকারিকরণের জোরালো দাবি জানিয়েছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।
১৯২০ সালের ১ জানুয়ারি জুনিয়র স্কুল হিসেবে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি ১৯৩৩ সালে মিডল ইস্ট ইংলিশ স্কুলে এবং ১৯৪৭ সালে মাধ্যমিক বিদ্যালয়ে উন্নীত হয়। দীর্ঘ পথ পেরিয়ে বিদ্যালয়টি বর্তমানে লাখাই উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে।
বর্তমানে বিদ্যালয়টিতে প্রায় ১ হাজার শিক্ষার্থী এবং ২৮ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন। শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের কারিগরি শিক্ষার সুযোগ দিতে ২০২০ সাল থেকে বিদ্যালয়ে ভোকেশনাল কোর্স চালু রয়েছে। সাম্প্রতিক এসএসসি পরীক্ষায় এ বিদ্যালয় থেকে ১০ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।
তবে শিক্ষার্থীর সংখ্যা বাড়লেও সে তুলনায় বিদ্যালয়ে পর্যাপ্ত শ্রেণিকক্ষ নেই। ফলে শ্রেণিকক্ষ সংকটের কারণে পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। শিক্ষার্থীদের সুষ্ঠু ও স্বাভাবিকভাবে পাঠদান নিশ্চিত করতে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সীতেশ কুমার চন্দ বলেন, সুষ্ঠুভাবে পাঠদান পরিচালনার জন্য বিদ্যালয়ে একটি চারতলা ভবন নির্মাণ অত্যন্ত জরুরি। একই সঙ্গে উপজেলার প্রাচীনতম এই শিক্ষাপ্রতিষ্ঠানটি দ্রুত সরকারি করা হলে লাখাইবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে।
শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের দাবি, শতবর্ষী এই শিক্ষাপ্রতিষ্ঠানের ঐতিহ্য ও শিক্ষা কার্যক্রম বিবেচনায় নিয়ে সরকারিকরণের উদ্যোগ নেওয়া হলে এলাকার শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে অবকাঠামোগত সংকট নিরসনে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও দাবি জানিয়েছেন তারা।