সিলেট সীমান্তে ৪৮ বিজিবির অভিযান, ৪৫ লাখ ৮৭ হাজার টাকার চোরাচালানি পণ্য আটক
সিলেট:
সিলেটের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে প্রায় ৪৬ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।
বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার (১১ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর দায়িত্বাধীন সীমান্তবর্তী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে কালাইরাগ, ডিবিরহাওর, লাফার্জ, প্রতাপপুর, সোনারহাট, তামাবিল, মিনাটিলা, দমদমিয়া, সংগ্রাম ও বিছনাকান্দি বিওপির সদস্যরা অংশ নেন। পৃথক এসব অভিযানে ভারতীয় গরু, মহিষ, কম্বল, জিরা, চা-পাতা, কসমেটিকস, বিস্কুট, টায়ার-টিউব, চিনি, জুসসহ বিভিন্ন চোরাচালানি পণ্য আটক করা হয়। একই সঙ্গে বাংলাদেশ থেকে পাচারের সময় রসুনও আটক করা হয়েছে।
বিজিবি জানিয়েছে, আটক করা এসব চোরাচালানি মালামালের আনুমানিক সিজার মূল্য ৪৫ লাখ ৮৭ হাজার ৯৬০ টাকা।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা সর্বাত্মকভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল আটক করা হয়েছে।
তিনি আরও জানান, আটক করা চোরাচালানি মালামালের বিষয়ে প্রচলিত বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সাম্প্রতিক সময়েও সিলেট সীমান্তে ৪৮ বিজিবির বিভিন্ন অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও বাংলাদেশ থেকে পাচারের সময় পণ্য জব্দের তথ্য প্রকাশিত হয়েছে।