মসজিদ বিরোধের জেরে ওসমানীনগরে বাড়িতে হামলা-ভাঙচুর - গৃহবধূ আহত, ৬ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ
ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি:
সিলেটের ওসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়নের উত্তর কালনীরচর গ্রামে পূর্বশত্রুতা ও মসজিদসংক্রান্ত বিরোধের জেরে একটি বসতবাড়িতে হামলা, ভাঙচুর, মারধর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় রোসনা বেগম (৪৫) নামে এক গৃহবধূ আহত হয়েছেন।
এ ঘটনায় রোসনা বেগম বাদী হয়ে ওসমানীনগর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ৬ লাখ টাকার মালামাল লুট এবং পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়ার দাবি করা হয়েছে।
মসজিদের কাজ নিয়ে দীর্ঘদিনের বিরোধ
অভিযোগ সূত্রে জানা যায়, উত্তর কালনীরচর গ্রামের পূর্ব পঞ্চায়েত মসজিদের কাজকে কেন্দ্র করে বাদীর পরিবারের সঙ্গে অভিযুক্তদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিষয়টি নিয়ে আদালতে মামলাও চলমান রয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় গত ৬ সেপ্টেম্বর রাত আনুমানিক ৭টার দিকে ১ নম্বর বিবাদীর প্ররোচনা ও নির্দেশে অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হেলাল মিয়ার বসতবাড়িতে হামলা চালান বলে অভিযোগ করেন রোসনা বেগম।
অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা রোসনা বেগমকে লোহার রড ও সুলফি দিয়ে মাথা ও বুকে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে হামলাকারীরা ঘরে প্রবেশ করে দরজা-জানালা ও স্টিলের আলমারি ভাঙচুর করেন।
নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ
বাদীর অভিযোগ অনুযায়ী, এ সময় ঘর থেকে নগদ ২ লাখ টাকা, প্রায় ৪ লাখ টাকা মূল্যের তিন ভরি এক আনা স্বর্ণালঙ্কার, একটি টেকনো ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, সিলিং ফ্যান, ৫০ কেজি ওজনের দুই বস্তা চালসহ বিভিন্ন আসবাবপত্র ও মালামাল নিয়ে যাওয়া হয়।
পরিবারের সদস্যরা বাধা দিতে গেলে তাদের প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। কোনো আইনি পদক্ষেপ বা বিচার-সালিশ করলে আরও ক্ষতির হুমকি দিয়ে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করেন বলে দাবি করেছেন বাদী।
চিকিৎসা শেষে থানায় অভিযোগ
হামলার পর স্বজনরা আহত রোসনা বেগমকে উদ্ধার করে বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করান। ভুক্তভোগী পরিবারের দাবি, চিকিৎসা নেওয়া এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও আত্মীয়স্বজনের সঙ্গে পরামর্শের কারণে থানায় অভিযোগ দিতে কিছুটা বিলম্ব হয়েছে।
ভুক্তভোগী পরিবার ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।
এ বিষয়ে ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, “ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তদন্তের পরই হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।