তাহিরপুর সীমান্তে চোরাই কয়লা আনতে গিয়ে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু
সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে চোরাই কয়লা সংগ্রহ করতে গিয়ে মাটি-পাথর চাপায় ইউনুস আলী (২২) নামে এক বাংলাদেশি কয়লা শ্রমিক নিহত হয়েছেন।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের চারাগাঁও সীমান্ত ফাঁড়ির লালঘাট-বাঁশতলা সীমান্তের ওপারে ভারতের গারো পাহাড়ের একটি কয়লার গুহায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইউনুস আলী লালঘাট গ্রামের ছমির আলীর ছেলে।
জানা গেছে, ১০-১৫ জনের একটি শ্রমিক দল চোরাইপথে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে কয়লা সংগ্রহ করতে যায়। গুহা থেকে কয়লা নিয়ে বের হওয়ার সময় হঠাৎ মাটি-পাথর ধসে ইউনুস আলীর ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে সঙ্গে থাকা শ্রমিকরা পরিবারের সদস্যদের খবর দিলে স্থানীয়দের সহায়তায় দুপুরে মরদেহ উদ্ধার করে বাড়িতে আনা হয়।
সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, নিহতের সঙ্গে থাকা অন্যান্য বাংলাদেশি নাগরিকদের পরিচয় শনাক্ত করে অবৈধভাবে ভারতে প্রবেশের দায়ে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কার্যক্রম চলছে।