logo
চ্যানেল জৈন্তা নিউজ
প্রেস বিজ্ঞপ্তি ০১ আগস্ট ২০২৬ ০৫:৫০ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ
বৃক্ষ শুধু পরিবেশের ভারসাম্যই রক্ষা করে না, মানবজাতির জীবন ধারণের জন্যও অপরিহার্য’ — মিফতাহ সিদ্দিকী

সিলেটে সবুজ বার্তা দিল বৌদ্ধ যুব পরিষদ

চ্যানেল জৈন্তা নিউজ ০১ আগস্ট ২০২৬ ০৫:৫০ অপরাহ্ন প্রেস বিজ্ঞপ্তি
চ্যানেল জৈন্তা নিউজ ০১ আগস্ট ২০২৬ ০৫:৫০ অপরাহ্ন
সিলেটে সবুজ বার্তা দিল বৌদ্ধ যুব পরিষদ

সিলেট প্রতিনিধি:

বৌদ্ধদের অন্যতম ধর্মীয় উৎসব শুভ আষাঢ়ী পূর্ণিমা-২০২৬ উপলক্ষে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ)-এর জাতীয় কমিটি ও সিলেট অঞ্চল কমিটির যৌথ উদ্যোগে বার্ষিক বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার (৩১ জুলাই) সিলেট মহানগরীর প্রাণকেন্দ্রে ‘সিলেট রক্তের অনুসন্ধানে আমরা’ সংগঠনের সার্বিক সহযোগিতায় ‘স্বপ্নের বিদ্যানিকেতন’ স্কুল ও সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে বিশ্ব বৌদ্ধ সৌভ্রাতৃত্ব সংঘ-যুব (ডবলিউএফবি-ওয়াই) এবং বিশ্ব বৌদ্ধ সংহতি (ডবলিউএবি)-এর আঞ্চলিক কেন্দ্র বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ এ আয়োজন বাস্তবায়ন করে।


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী বলেন, শুভ আষাঢ়ী পূর্ণিমার এই পবিত্র দিনে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের সামাজিক ও পরিবেশবান্ধব উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। বৃক্ষ শুধু আমাদের পরিবেশের ভারসাম্যই রক্ষা করে না, বরং মানবজাতির জীবন ধারণের জন্যও অপরিহার্য। ধর্মীয় উৎসবের আবহে এমন জনকল্যাণমূলক উদ্যোগ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পরিবেশ সচেতনতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে। তিনি বলেন, পরিবেশ রক্ষায় প্রত্যেক নাগরিকের নিজ নিজ অবস্থান থেকে গাছ লাগানো ও তার পরিচর্যায় এগিয়ে আসা উচিত। বাংলাদেশে সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষ যুগে যুগে সম্প্রীতির বন্ধনে বসবাস করে আসছে এবং এ বন্ধন অটুট রেখে একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য ভবিষ্যৎ গড়ে তুলতে হবে।


বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চলের প্রতিষ্ঠাতা সভাপতি উৎপল বড়ুয়া। এ সময় উপস্থিত ছিলেন সিলেট অঞ্চল কমিটির সিনিয়র সহ-সভাপতি তপতি বড়ুয়া, সদস্য শেলু বড়ুয়া, সীমান্ত বড়ুয়া জয় ও সেতু বড়ুয়া মুক্তা।


অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মহানগর হাসপাতালের পরিচালক মাসুদ আহমেদ এবং সাংবাদিক আমীর হোসেন সোহাগ। উপস্থিত ছিলেন ‘সিলেট রক্তের অনুসন্ধানে আমরা’ সংগঠনের প্রতিষ্ঠাতা তারেক আহমদ, সাধারণ সম্পাদক মুবিনুল ইসলাম সোহেল, সাংগঠনিক সম্পাদক শাহজাহান আহমদ শাহান, সহ-সাংগঠনিক সম্পাদক আকরাম খান বাপ্পি ও সাকিব আহমেদ, সহ-প্রচার সম্পাদক আরমান খান রাব্বি, সুপার উইমেন্স টিমের সহ-সভাপতি আকলিমা বেগম, প্রচার সম্পাদক তানজিনা আক্তারসহ বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও পরিবেশবাদী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্বপ্নের বিদ্যানিকেতন স্কুলের শিক্ষার্থীরা।


বক্তারা বলেন, শুভ আষাঢ়ী পূর্ণিমার ধর্মীয় তাৎপর্যের পাশাপাশি প্রকৃতি সংরক্ষণ ও পরিবেশ রক্ষার সামাজিক দায়বদ্ধতা থেকেই এ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। তারা বলেন, জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক উষ্ণায়ন, বন উজাড় ও পরিবেশ দূষণের বর্তমান সংকট মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি পরিণত গাছ শুধু অক্সিজেন সরবরাহই করে না, কার্বন ডাই-অক্সাইড শোষণ, জীববৈচিত্র্য সংরক্ষণ, মাটির ক্ষয়রোধ এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।


আয়োজকরা জানান, “আজকে করছি বৃক্ষ রোপণ, নিত্য করবো তাদের যতন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুধু গাছ লাগানো নয়, বরং প্রতিটি চারা নিয়মিত পরিচর্যার মাধ্যমে একটি সবুজ বাংলাদেশ গড়ে তোলাই এ কর্মসূচির মূল লক্ষ্য। বৃক্ষরোপণ কর্মসূচি শেষে প্রধান অতিথি স্বপ্নের বিদ্যানিকেতন স্কুল পরিদর্শন করেন।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/16691
Page of