logo
চ্যানেল জৈন্তা নিউজ
রাজনীতি ০২ আগস্ট ২০২৬ ১২:৪০ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে এনসিপির নেতাদের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

চ্যানেল জৈন্তা নিউজ ০২ আগস্ট ২০২৬ ১২:৪০ অপরাহ্ন রাজনীতি
চ্যানেল জৈন্তা নিউজ ০২ আগস্ট ২০২৬ ১২:৪০ অপরাহ্ন
সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে এনসিপির নেতাদের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

সুনামগঞ্জ প্রতিনিধি:


সম্প্রতি সিলেটসহ বিভাগের বিভিন্ন স্থানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নাসীরুদ্দীন পাটোয়ারী, সার্জিস আলম ও নাহিদ ইসলাম প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটুক্তি করেছেন—এমন অভিযোগ তুলে এর প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


শনিবার বিকেল সাড়ে ৫টায় ‘আমরা জুলাই যোদ্ধা’ সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে শহরের পুরাতন বাসস্টেশন এলাকায় জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ট্রাফিক পয়েন্টে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এতে জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।


‘আমরা জুলাই যোদ্ধা’ সুনামগঞ্জ জেলা শাখার আহ্বায়ক হাফিজুল ইসলাম রাজুর সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক মহিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. আবুল কালাম আজাদ, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও আগামী পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী কামরুল ইসলাম রাজু, যুগ্ম আহ্বায়ক মমিনুল হক কালাচাঁন, সাদেকুল ইসলাম, ‘আমরা জুলাই যোদ্ধা’ সুনামগঞ্জ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মামুনুর রশিদ শান্তু, ওবায়দুল ইসলাম, হুমায়ূন আহমেদ, সৌরভসহ অন্যান্য নেতৃবৃন্দ।


বক্তারা বলেন, সম্প্রতি সিলেটের বিভিন্ন স্থানে এনসিপির নাসীরুদ্দীন পাটোয়ারী, সার্জিস আলম ও নাহিদ ইসলাম একটি গণতান্ত্রিক সরকারের প্রধানমন্ত্রীকে নিয়ে নিজেদের ‘জুলাই যোদ্ধা’ দাবি করে যে ধরনের বক্তব্য ও কটূক্তি করছেন, তা গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তারা আরও অভিযোগ করেন, এনসিপি নিজেদের একমাত্র জুলাই যোদ্ধা দাবি করে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে কোটি কোটি টাকা লুটপাট করে সম্পদের পাহাড় গড়েছে।


বক্তারা বলেন, রাজনীতি করা সব দলের গণতান্ত্রিক অধিকার রয়েছে। তবে জুলাই পদযাত্রার নামে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে এনসিপির নেতারা যেভাবে বিভিন্ন সভা-সমাবেশে বক্তব্য দিচ্ছেন, তা থেকে বিরত থাকার আহ্বান জানান তারা। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের বক্তব্য অব্যাহত থাকলে এনসিপির কর্মসূচি প্রতিহত করার ঘোষণা দেন।


সমাবেশে নেতারা আরও বলেন, ২০২৪ সালের জুলাই আন্দোলনে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা তৎকালীন শেখ হাসিনা সরকারের পতনের আন্দোলনে অগ্রভাগে থেকে ভূমিকা রেখেছেন এবং অসংখ্য নেতাকর্মী জীবন উৎসর্গ করেছেন। তাই জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় তারেক রহমানের লাখো-কোটি নেতাকর্মী সবসময় প্রস্তুত রয়েছে বলে তারা দাবি করেন।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/16712
Page of