ছাতকে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিলের ভিডিও ভাইরাল, এলাকাজুড়ে চাঞ্চল্য
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতক উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের একটি মশাল মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা চলছে।
জানা গেছে, শুক্রবার (৩১ জুলাই) রাতে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপনের নেতৃত্বে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের ছাতক উপজেলার চেচান পয়েন্ট এলাকায় একটি মশাল মিছিল অনুষ্ঠিত হয়। একই রাতে সুনামগঞ্জ-সিলেট সড়কের হাছনরাজা তোরণ এলাকায়ও জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল করেন বলে জানা গেছে।
পরে ওই মিছিলের ভিডিও ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী তাদের ব্যক্তিগত ফেসবুক আইডিতে প্রকাশ করেন। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপন ছাড়া মিছিলে অংশ নেওয়া অধিকাংশ নেতাকর্মী মুখে মাস্ক পরিহিত ছিলেন।
মশাল মিছিলের একটি ভিডিও নিজের ফেসবুক আইডিতে প্রকাশ করে আশিকুর রহমান রিপন লিখেছেন, “অশুভ শক্তির বিরুদ্ধে আলোর পথে যাত্রা, আলোক প্রজ্বালন ও মশাল মিছিল। ধন্যবাদ ছাতক উপজেলা ছাত্রলীগ।”
এ বিষয়ে ছাতক থানার পরিদর্শক (তদন্ত) ঝলক মোহন্ত বলেন, “ফেসবুকে একটি সেতুর ওপর মিছিলের ভিডিও দেখেছি। তবে ছাতক উপজেলার কোথাও ছাত্রলীগের মিছিল হয়েছে—এমন কোনো তথ্য আমার কাছে নেই।”
অন্যদিকে, সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুজন সরকার বলেন, “সুনামগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল হয়েছে বলে শুনেছি। রাত তিনটা-চারটার দিকে মিছিল হয়েছে। সংশ্লিষ্টদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”