logo
চ্যানেল জৈন্তা নিউজ
রাজনীতি ০১ আগস্ট ২০২৬ ০৫:৫২ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ
জৈন্তাপুরে এনসিপির ‘জুলাই জাগরণ’ পথসভা, সরকারের কঠোর সমালোচনায় নাসীরুদ্দীন পাটওয়ারী

জৈন্তাপুরে এনসিপির পথসভায় নাসীরুদ্দীন পাটওয়ারী, ‘নতুন বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হতে হবে’

চ্যানেল জৈন্তা নিউজ ০১ আগস্ট ২০২৬ ০৫:৫২ অপরাহ্ন রাজনীতি
চ্যানেল জৈন্তা নিউজ ০১ আগস্ট ২০২৬ ০৫:৫২ অপরাহ্ন
জৈন্তাপুরে এনসিপির পথসভায় নাসীরুদ্দীন পাটওয়ারী, ‘নতুন বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হতে হবে’

নিজস্ব প্রতিবেদক।

সিলেটের জৈন্তাপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে জুলাই জাগরণী পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) রাত পৌনে ৯টার দিকে উপজেলার হরিপুর বাজার বাসস্ট্যান্ড এলাকায় এ পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়।


পূর্বনির্ধারিত সময় অনুযায়ী সন্ধ্যা ৭টায় কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও পার্শ্ববর্তী গোয়াইনঘাট উপজেলায় সমাবেশ শেষ হতে দেরি হওয়ায় কেন্দ্রীয় নেতাকর্মীদের জৈন্তাপুরে পৌঁছাতে বিলম্ব হয়। ফলে নির্ধারিত সময়ের প্রায় দুই ঘণ্টা পর সমাবেশ শুরু হয়। তবে সমাবেশ শুরুর আগেই বিকেল থেকে এনসিপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা হরিপুর বাজার বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হতে থাকেন। জৈন্তাপুর উপজেলা এনসিপির আহ্বায়ক জাকারিয়া লাদেনের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। বিশেষ অতিথির বক্তব্য দেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ও যুগ্ম সদস্য সচিব। এ ছাড়া বক্তব্য দেন সিলেট জেলা এনসিপির আহ্বায়ক জুনায়েদ আহমদ, প্রকৌশলী কামরুল আরিফসহ স্থানীয় এনসিপি ও ছাত্র এবং যুবশক্তির নেতাকর্মীরা।


প্রধান অতিথির বক্তব্যে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘সংসদে বাংলাদেশে একটি সংস্কার প্রস্তাবনা হয়েছে। এই প্রস্তাবনা যদি বাস্তবায়ন হয়, তাহলে হিন্দু-মুসলিম, আলেমরা ও নারী সমাজ ভালো থাকবে। কর্মসংস্থান হবে, উন্নয়ন হবে। পুলিশ প্রশাসনও ভালো থাকবে।’ জুলাই আন্দোলনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘গত ২৪-এর জুলাই মাসে আমরা রাজপথে ছিলাম। কেউ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন, কেউ হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন, আবার অনেকে বিভিন্নভাবে আঘাতপ্রাপ্ত হয়েছিলেন। সেই জুলাই মাসে অনেকে শাহাদাত বরণ করেছেন। আমরা তখন দাবি করেছিলাম, আমরা একটি নতুন বাংলাদেশ গঠন করব।’ তিনি বলেন, ‘আমরা একটি স্বাধীন পররাষ্ট্রনীতির মাধ্যমে ১৮ কোটি মানুষের জীবনমান উন্নয়ন এবং তরুণদের কর্মসংস্থানের ব্যবস্থা করার কথা বলেছিলাম। আমরা বলেছিলাম, বাংলাদেশে নারীরা নিরাপদ নয়—এমন পরিস্থিতি আর থাকবে না। আলেমদের জঙ্গি তকমা দেওয়া হতো, ছাত্রদের রাজাকার বলা হতো। আমরা বাংলাদেশে আর কোনো জঙ্গি বা রাজাকার তকমা চাই না।’ আবু সাঈদের প্রসঙ্গ তুলে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আবু সাঈদ গুলির মুখে দাঁড়িয়ে ছিলেন। জুলাই আন্দোলনে যারা মাঠে গিয়েছিলেন, তাদের অনেকে শাহাদাত বরণ করেছেন। আমরা জুলাইয়ের অস্তিত্ব আজীবন বাংলাদেশে রাখব।’


বর্তমান সরকার ও তারেক রহমানের নেতৃত্বের সমালোচনা করে তিনি বলেন, ‘তারেক রহমানের পূর্বে দেওয়া বিভিন্ন প্রতিশ্রুতি আজ বিফলে গেছে। কোনো প্রতিশ্রুতিই বাস্তবায়ন হচ্ছে না। নারীদের অধিকার কেড়ে নেওয়া হয়েছে এবং আলেমদের সঙ্গে গাদ্দারি করা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘যারা আমাদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে, আমরা আবার তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হচ্ছি। আমরা যখন ঐক্যবদ্ধ হচ্ছি, তারা তখন সন্ত্রাসের পথ বেছে নিয়েছে।’ এ সময় তিনি বলেন, ‘এ দেশে কোনো জিয়া ব্যবসা চলবে না এবং কোনো কোটা প্রথা থাকবে না।’ সিলেটবাসীর ঐতিহ্য ও আত্মমর্যাদার প্রসঙ্গ তুলে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘সিলেটবাসী হলেন শাহজালালের বংশধর। এই শাহজালাল বাংলাদেশের নেতৃত্ব দিয়েছিলেন। আপনাদের রক্ত এখনো সেই টগবগে তরুণদের মতো।’ তিনি সিলেটবাসীর উদ্দেশে বলেন, ‘আপনাদের একটা দাওয়াত দিয়ে যাই—যদি মেরে ফেলে, জানাজায় উপস্থিত হয়েন অন্তত।’ শহীদ ওসমান হাদির প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘হাদি ভাই বলে গিয়েছিলেন, যদি তাকে মেরে ফেলা হয়, তার হত্যার বিচার যেন আমরা করতে পারি। সরকার এই বিচার করবে না। এই বিচারের দায়িত্ব আমাদের হাতে তুলে নিতে হবে। দায়িত্ব তুলে নেওয়ার জন্য আমাদের ক্ষমতায় যেতে হবে। আমরা ক্ষমতায় গিয়ে শহীদ ওসমান হাদির কথা বাস্তবায়ন করব।’ তিনি আরও বলেন, ‘আপনারা ইনশাআল্লাহ ন্যায় ও নীতির পক্ষে, সত্যের পথে থাকবেন। নারীদের সম্মান করবেন এবং মুরুব্বিদের কথা শুনবেন।’


জৈন্তাপুরের উন্নয়ন ও যোগাযোগব্যবস্থা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘জৈন্তাপুরে গ্যাসে ভাসে, কিন্তু কী আজব ব্যাপার—জৈন্তাপুরে মানুষের ঘরে ঘরে গ্যাস নেই।’ উপজেলার সড়ক যোগাযোগব্যবস্থার দুরবস্থার সমালোচনা করে তিনি দ্রুত সিলেটের রাস্তাঘাট নির্মাণ ও সংস্কারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তিনি বলেন, ‘যদি রাস্তার উন্নয়ন না করেন, তাহলে জানিয়ে দেন—সিলেটবাসীর ভোটের দরকার নেই। সিলেটবাসীর আত্মসম্মান আছে। তারা নিজেরাই রাস্তা বানিয়ে নেবে। সিলেটবাসী গাড়ির পেছনে দৌড়ায় না, তারা লন্ডনে গিয়ে কাজ করে। নিজের টাকায় চলে, কাউকে গোনার সময় নেই।’ 


বিশেষ অতিথির বক্তব্যে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বিএনপির কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, ‘১৭ বছর ধরে বিএনপির নেতাকর্মীরা গুম, জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন। মাত্র পাঁচ মাসের ব্যবধানে বিএনপির মধ্যেও সেই রোগের উপসর্গ দেখা দিয়েছে।’ বিএনপির উদ্দেশে সারজিস আলম বলেন, ‘আপনারা ২১২টি সিট পেয়ে নিজেদের ক্ষমতার অধিকারী মনে করবেন না। শেখ হাসিনাও ১৫ বছর ধরে এর চেয়ে বেশি সিট পেয়েছিলেন। নিজেকে ফেরাউনের চেয়ে শক্তিশালী মনে করতেন, কিন্তু ৩৬ দিনও টিকতে পারেননি।’ তিনি বলেন, ‘আমরা বিএনপিকে আহ্বান জানাই, আমরা শুধু বিরোধিতা করার জন্য বিরোধিতা করতে চাই না। কিন্তু মনে রাখবেন, যদি আমাদের মুখ বন্ধ করতে চান, গলা চেপে ধরতে চান, চোখ তুলে নিতে চান—তাহলে আগামীর বাংলাদেশে আপনাদের রাজনীতির অস্তিত্ব থাকবে না, ইনশাআল্লাহ।’ সারজিস আলম আরও বলেন, ‘এই প্রজন্ম রক্ত দেবে, চোখ দেবে, কিন্তু কাউকে ছেড়ে কথা বলবে না, ইনশাআল্লাহ।’ পথসভায় বক্তারা জুলাই আন্দোলনের চেতনা ধারণ করে নতুন বাংলাদেশ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক সংস্কার, তরুণদের কর্মসংস্থান, নারীর নিরাপত্তা ও মর্যাদা, আলেমদের অধিকার, পুলিশ প্রশাসনের উন্নয়ন, সড়ক যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।

সমাবেশ শেষে জৈন্তাপুর উপজেলা এনসিপির আহ্বায়ক ও সমাবেশের সভাপতি জাকারিয়া লাদেন কর্মসূচি সফল করতে উপস্থিত হওয়া কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মী, সমর্থক এবং সর্বস্তরের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, ‘আপনাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও সহযোগিতায় আজকের জুলাই জাগরণ কর্মসূচি সফল হয়েছে। এজন্য জৈন্তাপুর উপজেলা এনসিপির পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।’

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/16692
Page of