logo
চ্যানেল জৈন্তা নিউজ
সুনামগঞ্জ ২৭ জুলাই ২০২৬ ১১:০১ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

অসৎ লোককে ভোট না দিতে বলেছি, তাই আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে’ — দিরাইয়ের এমপি নাছির চৌধুরী

চ্যানেল জৈন্তা নিউজ ২৭ জুলাই ২০২৬ ১১:০১ অপরাহ্ন সুনামগঞ্জ
চ্যানেল জৈন্তা নিউজ ২৭ জুলাই ২০২৬ ১১:০১ অপরাহ্ন
অসৎ লোককে ভোট না দিতে বলেছি, তাই আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে’ — দিরাইয়ের এমপি নাছির চৌধুরী

দিরাই প্রতিনিধি:

সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য নাছির চৌধুরী বলেছেন, নির্বাচনের সময় তিনি শুধু একটি কথাই বলেছিলেন—‘অসৎ লোককে ভোট দেবেন না’। আর সেই বক্তব্যের কারণেই একটি মহল তার বিরুদ্ধে ধারাবাহিক অপপ্রচার চালাচ্ছে। এমনকি তিনি জীবিত থাকা সত্ত্বেও তার মৃত্যুর গুজবও ছড়ানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।


সোমবার (২৭ জুলাই) বিকেলে দিরাই বাজার মহাজন কমিটির আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


নাছির চৌধুরী বলেন, দিরাই বাজারের সার্বিক উন্নয়নের পাশাপাশি দিরাই-শাল্লা এলাকার প্রতিটি সড়কের উন্নয়নে প্রয়োজনীয় পরিকল্পনা নেওয়া হয়েছে। খুব শিগগিরই এসব উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের কাজ শুরু হবে বলে তিনি আশা প্রকাশ করেন।


গণসংবর্ধনা প্রদান করায় দিরাই বাজার মহাজন কমিটি এবং সর্বস্তরের ব্যবসায়ীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, দিরাই বাজারের সুপেয় পানির সংকট, যানজট, ড্রেনেজ ব্যবস্থা, পাবলিক শৌচাগার নির্মাণ এবং মহাজন সমিতির নিজস্ব কার্যালয়সহ বাজারের বিভিন্ন সমস্যা পর্যায়ক্রমে সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।


রাজনৈতিক প্রসঙ্গ তুলে এমপি নাছির চৌধুরী বলেন, নির্বাচনের সময় যেমন বলেছিলাম, আজও একই কথা বলছি—অসৎ লোককে ভোট দেবেন না। শুধু এ কথাটি বলার কারণেই একটি মহল আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এমনকি আমি মারা গেছি বলেও গুজব ছড়ানো হচ্ছে। এ ধরনের অপরাজনীতি থেকে সবাইকে বেরিয়ে আসতে হবে।


দিরাই বাজার মহাজন কমিটির সভাপতি নুরুল হক মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রশিদ চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির তালুকদার, এমপি নাছির চৌধুরীর সহধর্মিণী পারভীন আক্তার চৌধুরী, দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আমিনুল ইসলাম, বাজার কমিটির উপদেষ্টা সুরঞ্জন রায়, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কবির মিয়া, সাংবাদিক রুদ্র মিজান, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারুক সরদার, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাব্বির মিয়া, বাজার কমিটির সহসভাপতি হান্নান অর রশিদ এবং কোষাধ্যক্ষ জিয়াউর রহমান জিয়া।


অনুষ্ঠানের শুরুতে মানপত্র পাঠ করেন দীপিকা দাস রুমী। এ সময় রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/16617
Page of