logo
চ্যানেল জৈন্তা নিউজ
সুনামগঞ্জ ২২ জুলাই ২০২৬ ০৮:৪৮ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন

চ্যানেল জৈন্তা নিউজ ২২ জুলাই ২০২৬ ০৮:৪৮ অপরাহ্ন সুনামগঞ্জ
চ্যানেল জৈন্তা নিউজ ২২ জুলাই ২০২৬ ০৮:৪৮ অপরাহ্ন
ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:


ছাতক পৌরসভার সার্বিক উন্নয়ন, টেকসই নগর ব্যবস্থাপনা, সুশাসন প্রতিষ্ঠা এবং নাগরিক সেবার মানোন্নয়নের লক্ষ্যে ইন্টিগ্রেটেড আরবান গভর্ন্যান্স অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট (আইইউজিআইপি)-এর উদ্যোগে এক পর্যালোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (২২ জুলাই) ছাতক পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ছাতক পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন।


প্রধান অতিথির বক্তব্যে এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন বলেন, ছাতক পৌরসভার পরিকল্পিত ও টেকসই উন্নয়নে আইইউজিআইপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য পৌরসভা গড়ে তুলতে এ প্রকল্পের কার্যক্রম আরও গতিশীলভাবে বাস্তবায়ন করতে হবে।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি), অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোস্তফা মোর্শেদ, স্থানীয় সরকার বিভাগের আরবান ডেভেলপমেন্ট উইংয়ের যুগ্ম সচিব পরিমল সরকার, এডিবি-এএফডি রিভিউ মিশনের টিম লিডার অমিত দত্ত রায়, এএফডি বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সিনথিয়া মেলা এবং আইইউজিআইপি-এর প্রোগ্রাম ডিরেক্টর তোফায়েল আহমেদ।


এছাড়াও সভায় উপস্থিত ছিলেন ছাতক উপজেলা এলজিইডির প্রকৌশলী মোহাম্মদ আমির হোসেন, ছাতক থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শফিউল আলমসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।


সভায় আরও উপস্থিত ছিলেন আইইউজিআইপি-এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, টাউন লেভেল কো-অর্ডিনেশন কমিটির (টিএলসি) সদস্য, পৌরসভার বিশিষ্ট নাগরিক, জনপ্রতিনিধি এবং কর্মরত সাংবাদিকরা।


সভায় আইইউজিআইপি প্রকল্পের আওতায় ছাতক পৌরসভার চলমান উন্নয়ন কার্যক্রম, বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্প, নাগরিক সেবার মানোন্নয়ন এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি, অবকাঠামো উন্নয়ন, সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, নিরাপদ পানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশ সংরক্ষণ এবং পরিকল্পিত নগরায়ণের বিভিন্ন দিক পর্যালোচনা করা হয়।


সভায় ছাতক পৌরসভার উন্নয়ন কার্যক্রম ও আইইউজিআইপি প্রকল্পের অগ্রগতি নিয়ে একটি মাল্টিমিডিয়া উপস্থাপনা প্রদর্শন করা হয়। প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপনাটি যৌথভাবে উপস্থাপন করেন পৌর নির্বাহী কর্মকর্তা শরদিন্দু রায় এবং পৌর প্রকৌশলী আব্দুল মালেক। উপস্থাপনায় পৌরসভার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড, বাস্তবায়নাধীন প্রকল্প, নাগরিক সেবার সম্প্রসারণ এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা তুলে ধরা হয়।


টাউন লেভেল কো-অর্ডিনেশন কমিটির (টিএলসি) সদস্যদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ছাতক পৌরসভার সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র-১ জসিম উদ্দিন সুমন, মোহাম্মদ শামছুর রহমান (শামছু), মোহাম্মদ বাবুল মিয়া, মোহাম্মদ খায়ের উদ্দিন, আবুল হোসেন, টিএলসি সদস্য ও সাংবাদিক প্রতিনিধি হিসেবে ছাতক উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ মাহমুদ মনির এবং দরিদ্র জনগোষ্ঠীর প্রতিনিধি মোছাম্মৎ আমেনা বেগম।


বক্তারা পৌর এলাকার বিভিন্ন সমস্যা, নাগরিক সেবার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, নিরাপদ পানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা এবং জনবান্ধব উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।


সভায় উপস্থিত অতিথিরা বলেন, সরকারি সংস্থা, উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, নাগরিক সমাজ এবং স্থানীয় জনগণের সমন্বিত অংশগ্রহণের মাধ্যমে আইইউজিআইপি প্রকল্প বাস্তবায়ন হলে ছাতক পৌরসভাকে একটি আধুনিক, টেকসই, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরীতে রূপান্তর করা সম্ভব হবে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/16562
Page of