গোবিন্দগঞ্জ রেললাইনে ময়লার ভাগাড়, পরিবেশ ও জনস্বাস্থ্যে মারাত্মক হুমকি; দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি
ছাতক প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের রেললাইনসংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে অবাধে ময়লা-আবর্জনা ফেলার কারণে পুরো এলাকা উন্মুক্ত ভাগাড়ে পরিণত হয়েছে। প্লাস্টিক, পলিথিন, পচনশীল বর্জ্যসহ নানা ধরনের আবর্জনার স্তূপে পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে। এতে স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী, পথচারী ও ব্যবসায়ীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রেললাইনের পাশেই অবস্থিত গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ, গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় এবং গোবিন্দনগর ফজলিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার শিক্ষার্থীরা প্রতিদিন দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে চলাচল করতে বাধ্য হচ্ছেন।
সরেজমিনে দেখা যায়, রেললাইনের দুই পাশজুড়ে জমে থাকা ময়লা-আবর্জনা থেকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। সামান্য বৃষ্টিতেই কাদাপানি ও আবর্জনা একাকার হয়ে চলাচলের অনুপযোগী পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। ফলে প্রতিনিয়ত ভোগান্তিতে পড়ছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা।
এলাকাবাসীর অভিযোগ, এভাবে দীর্ঘদিন ধরে বর্জ্য পড়ে থাকায় ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ এবং অন্যান্য সংক্রামক রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা বেড়েছে। পাশাপাশি পরিবেশ দূষণের কারণে জনস্বাস্থ্যের ওপরও নেতিবাচক প্রভাব পড়ছে।
স্থানীয়দের দাবি, বিষয়টি একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনা হলেও এখন পর্যন্ত কোনো দৃশ্যমান ও কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। তারা দ্রুত জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ, নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা এবং ভবিষ্যতে রেললাইন এলাকায় যাতে কেউ বর্জ্য ফেলতে না পারে, সে জন্য কঠোর নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এলাকাবাসীর মতে, গোবিন্দগঞ্জের মতো গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান ও জনসমাগমপূর্ণ এলাকায় এ ধরনের পরিবেশ দূষণ শুধু সৌন্দর্যহানিই নয়, জনস্বাস্থ্যের জন্যও বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।
তাদের প্রত্যাশা, ছাতক উপজেলা প্রশাসন, সংশ্লিষ্ট ইউনিয়ন কর্তৃপক্ষ এবং বাংলাদেশ রেলওয়ের দায়িত্বশীল কর্মকর্তারা দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে এ সমস্যা স্থায়ীভাবে সমাধানে উদ্যোগ নেবেন।