logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ২৭ জুলাই ২০২৬ ১২:০৪ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

জালালপুরে ব্লাস্টের আইনি সচেতনতা ক্যাম্পেইন ও যুগল মেলা অনুষ্ঠিত

চ্যানেল জৈন্তা নিউজ ২৭ জুলাই ২০২৬ ১২:০৪ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ২৭ জুলাই ২০২৬ ১২:০৪ অপরাহ্ন
জালালপুরে ব্লাস্টের আইনি সচেতনতা ক্যাম্পেইন ও যুগল মেলা অনুষ্ঠিত

দক্ষিণ সুরমা প্রতিনিধি: বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) সিলেট ইউনিট এবং নাগরিকতা: সিভিক এনগেজমেন্ট ফান্ড (সিইএফ)-এর উদ্যোগে দক্ষিণ সুরমার জালালপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আইনি সচেতনতা ক্যাম্পেইন ও যুগল মেলা অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে আয়োজিত অনুষ্ঠানে জালালপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. নুরুল ইসলাম সভাপতিত্ব করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্লাস্ট সিলেট ইউনিটের ভারপ্রাপ্ত কো-অর্ডিনেটর অ্যাডভোকেট আসমা আরা বেগম। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জালালপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শীর্ষেন্দু বিকাশ সেন।


আলোচনা সভায় আরও বক্তব্য দেন ব্লাস্টের প্যানেল আইনজীবী অ্যাডভোকেট রাশিদা সাঈদা খানম, ইউনিয়ন পরিষদের সদস্য ফজির আলী, সফিক উদ্দিন ও মো. জিদ্দার আলী।


অনুষ্ঠানে সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে আইনি সহায়তা প্রদান, সচেতনতামূলক পোস্টার প্রদর্শনী এবং আইনি সহায়তা ও সালিসের মাধ্যমে পারিবারিক বিরোধ মীমাংসা করে পুনর্মিলিত হওয়া দম্পতিদের অভিজ্ঞতা তুলে ধরা হয়। এছাড়া বিভিন্ন প্রতিবন্ধী পরিবারের সদস্যরাও তাদের মতামত ও অভিজ্ঞতা ব্যক্ত করেন।


বক্তারা বলেন, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) সমাজের অবহেলিত, সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীসহ নারী ও শিশুদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিনামূল্যে লিগ্যাল এইড ক্যাম্প, পোস্টার ক্যাম্পেইন এবং কাপল ফেয়ার কার্যক্রম পরিচালনা করছে।


তারা জানান, এ কার্যক্রমের মাধ্যমে প্রকল্পভুক্ত ১৬ জেলার ৩২টি উপজেলার প্রান্তিক জনগোষ্ঠী, নারী ও শিশুদের বিনামূল্যে আইনি পরামর্শ, প্রয়োজনীয় রেফারেল সেবা, বিভিন্ন বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং সরকারি-বেসরকারি হেল্পলাইন সম্পর্কে অবহিত করা হচ্ছে। এছাড়া সালিস বা মামলা সংক্রান্ত প্রয়োজনীয় বিষয়ে আগ্রহীদের বিনামূল্যে আইনি সহযোগিতাও প্রদান করা হচ্ছে।


অনুষ্ঠানে জালালপুর ইউনিয়ন পরিষদের সদস্য ও সংরক্ষিত সদস্যবৃন্দ, সচেতন অভিভাবক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, গ্রীন ডিজাবেল্ড ফাউন্ডেশন, আশার আলো যুব কল্যাণ সংঘ এবং হিজড়া যুব কল্যাণ সংস্থার সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/16612
Page of