আগস্টের দ্বিতীয়ার্ধে ইউপি নির্বাচনের তফসিল, অক্টোবরে ভোট শুরুর পরিকল্পনা
স্টাফ রিপোর্টার:
আগামী আগস্টের দ্বিতীয়ার্ধে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণা করে অক্টোবরের প্রথমার্ধে ভোটগ্রহণ শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশনসহ স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন সম্পন্ন করতে ১০ থেকে ১২ মাস সময় লাগতে পারে।
মঙ্গলবার( ৭ জুলাই) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি তুলে ধরতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান এ তথ্য জানান। এ সময় তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন।
জাহেদ উর রহমান বলেন, স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) একটি প্রাথমিক কর্মপরিকল্পনা বা রোডম্যাপ প্রণয়ন করেছে। ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশন নির্বাচনের জন্য পৃথক রোডম্যাপ প্রস্তুত করা হয়েছে। চলতি মাসের শেষ দিকে এসব রোডম্যাপ চূড়ান্ত করে প্রকাশ করা হতে পারে।
তিনি জানান, আগস্টের দ্বিতীয়ার্ধে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করে অক্টোবরের প্রথমার্ধে ভোটগ্রহণ শুরুর পরিকল্পনা রয়েছে।
তথ্য উপদেষ্টা জানান, স্থানীয় সরকার নির্বাচন পরিচালনার সুবিধার্থে দেশকে চারটি অঞ্চলে ভাগ করা হয়েছে। অঞ্চলগুলো হলো—হাওর ও উত্তর-পূর্বাঞ্চল, পার্বত্য ও উপকূলীয় অঞ্চল, নদীপ্রধান ও চরাঞ্চল এবং সমতল ও শহরাঞ্চল। এর মধ্যে হাওর ও উত্তর-পূর্বাঞ্চলে ইউনিয়ন পরিষদ নির্বাচনের মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে।
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিভিন্ন আলোচনা-সমালোচনার প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, প্রশাসক নিয়োগের কারণে অনেকে ধারণা করেছিলেন স্থানীয় সরকার নির্বাচন নাও হতে পারে। তবে সরকার শুরু থেকেই জানিয়ে আসছে, চলতি বছরের মধ্যেই এ নির্বাচন শুরু হবে। আবহাওয়া ও যোগাযোগব্যবস্থার বিষয় বিবেচনায় রেখে অধিকাংশ নির্বাচন শুষ্ক ও শীত মৌসুমে আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচন একটি ধারাবাহিক প্রক্রিয়া। তাই অক্টোবর থেকে নির্বাচন শুরু হলে সব স্তরের নির্বাচন শেষ হতে প্রায় ১০ থেকে ১২ মাস সময় লাগতে পারে। সে হিসেবে পুরো নির্বাচন প্রক্রিয়া ২০২৭ সালের অক্টোবর নাগাদ সম্পন্ন হতে পারে।
সংবাদ সম্মেলনে জাহেদ উর রহমান আরও জানান, আগামী ৫ আগস্টের আগেই ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর উদ্বোধন করা হবে।
সূত্র: ইউএনবি