logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ০২ সেপ্টেম্বর ২০২৬ ১২:৫৯ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ
সিলেটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা

শহীদ জিয়ার আদর্শে বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়তে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

চ্যানেল জৈন্তা নিউজ ০২ সেপ্টেম্বর ২০২৬ ১২:৫৯ পূর্বাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ০২ সেপ্টেম্বর ২০২৬ ১২:৫৯ পূর্বাহ্ন
শহীদ জিয়ার আদর্শে বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়তে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সিলেট, ১ সেপ্টেম্বর: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও সাম্যভিত্তিক বাংলাদেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।


তিনি বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দেশের মানুষের ভাগ্য পরিবর্তন, গণতন্ত্র প্রতিষ্ঠা ও অর্থনৈতিক সমৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তাঁর ঘোষিত ১৯ দফা কর্মসূচি ছিল জনগণের ভাগ্যোন্নয়ন, অর্থনৈতিক সমৃদ্ধি ও স্বনির্ভরতা অর্জনের কর্মসূচি।


মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে সিলেট জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।


স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভবিষ্যতে কোনো সামরিক স্বৈরাচার, স্বৈরাচারী শক্তি বা ফ্যাসিবাদের উত্থান যাতে না ঘটে, সে জন্য প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে। ছাত্র-জনতার আন্দোলন ও আত্মত্যাগের মধ্য দিয়ে বাংলাদেশ আবার গণতন্ত্র ফিরে পেয়েছে বলেও মন্তব্য করেন তিনি।


সালাহউদ্দিন আহমদ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধের সূচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পরবর্তীতে বিএনপি প্রতিষ্ঠার মাধ্যমে তিনি বহুদলীয় গণতন্ত্র, বিচার বিভাগের স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা ও উৎপাদনমুখী রাজনীতির সূচনা করেন বলে তিনি উল্লেখ করেন।


তিনি আরও বলেন, সামরিক স্বৈরাচারবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া জাতীয় নেতৃত্বে পরিণত হন এবং ১৯৯১ সালে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। নারী শিক্ষা ও যুব উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে বিএনপি সরকারের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে বলেও দাবি করেন তিনি।


স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এখন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও সাম্যভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ চলছে। বিএনপির আদর্শ হলো সাম্য, ন্যায়বিচার ও মানবিক মর্যাদাসম্পন্ন বাংলাদেশ প্রতিষ্ঠা এবং জনগণের কল্যাণ নিশ্চিত করা।


তিনি বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত ‘আই হ্যাভ এ প্ল্যান’-এর আলোকে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দারিদ্র্য দূরীকরণ ও মানুষের সামাজিক মর্যাদা প্রতিষ্ঠা করা হবে। এ সময় তিনি দেশবাসীর সহযোগিতা কামনা করেন।


‘জিয়ার উন্নয়নমূলক কর্মকাণ্ড দেশের অগ্রযাত্রার ভিত্তি’


আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্যে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, স্বাধীনতার পর বাংলাদেশ রাষ্ট্র হিসেবে টিকে থাকবে কি না—এমন প্রশ্নের সময়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের হাল ধরেন। তাঁর নেতৃত্বে স্বল্প সময়ের মধ্যে বাংলাদেশ বিশ্বদরবারে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত হয় বলে তিনি মন্তব্য করেন।


তিনি বলেন, কৃষি, শিল্প ও খাদ্য উৎপাদনসহ বিভিন্ন খাতে জিয়াউর রহমানের উন্নয়নমূলক কর্মকাণ্ড দেশের অগ্রযাত্রার ভিত্তি তৈরি করে। তাঁর অনুসারী হিসেবে শহীদ জিয়াউর রহমানের স্থাপিত উচ্চমান বজায় রেখে জনগণের প্রত্যাশা পূরণ করা এখন দায়িত্ব।


খন্দকার আব্দুল মুক্তাদির আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে অর্থনীতি, জ্বানি ও আইনশৃঙ্খলাসহ দেশের বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা করে আগামী পাঁচ বছরে বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে যেতে সরকার কাজ করবে।


নেতৃবৃন্দের উপস্থিতি


সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমেদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এম এ মালিক, এমপি, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম, কেন্দ্রীয় বিএনপি নেতা মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক ও অ্যাডভোকেট হাদিয়া চৌধুরী মুন্নিসহ সিলেট জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরার পাশাপাশি গণতন্ত্র, ন্যায়বিচার, অর্থনৈতিক সমৃদ্ধি ও জনকল্যাণকে সামনে রেখে ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/17383
Page of