জৈন্তাপুরের তাসরিফকে বাঁচাতে দরকার ২ লাখ টাকা, পাশে দাঁড়ানোর আহ্বান
জৈন্তাপুর প্রতিনিধি:
সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের কহাইগড় ১ম খণ্ড এলাকার ১ বছর ৮ মাস বয়সী শিশু আদিয়ান আল তাসরিফ জন্মের পর থেকেই হৃদযন্ত্রে ছিদ্রজনিত জটিলতায় ভুগছে। বর্তমানে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তার চিকিৎসা চলছে। চিকিৎসকের দেওয়া পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী চলতি মাসের মধ্যেই তার অপারেশন করা জরুরি বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
পরিবার সূত্রে জানা গেছে, সময় যত যাচ্ছে তাসরিফের শারীরিক অবস্থারও অবনতি হচ্ছে। তার চিকিৎসা ও অপারেশনের জন্য প্রায় ২ লাখ টাকা প্রয়োজন। কিন্তু তাসরিফের বাবা তোয়াহিদ মিয়া একজন দিনমজুর। পরিবারের দৈনন্দিন আহার জোগাড় করতেই তাকে হিমশিম খেতে হয়। ফলে সন্তানের ব্যয়বহুল চিকিৎসার খরচ বহন করা তার পক্ষে কঠিন হয়ে পড়েছে।
তাসরিফের বাড়ি সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের কহাইগড় ১ম খণ্ড এলাকায়। বর্তমানে পরিবারের পক্ষ থেকে দেশ-বিদেশে অবস্থানরত হৃদয়বান ও বিত্তবান মানুষের কাছে আর্থিক সহযোগিতার আবেদন জানানো হয়েছে।
পরিবারের সদস্যরা জানান, সমাজের সামর্থ্যবান মানুষরা যার যার অবস্থান থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিলে ছোট্ট তাসরিফের চিকিৎসা ও অপারেশনের ব্যবস্থা করা সম্ভব হতে পারে। সামান্য সহযোগিতাও শিশুটির চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে তারা আশা করছেন।
তাসরিফের চিকিৎসায় সহযোগিতা করতে চাইলে বিকাশ (পার্সোনাল) নম্বর 01710071551-এ আর্থিক সহায়তা পাঠানো যাবে।
এ ছাড়া তাসরিফের চিকিৎসা সংক্রান্ত তথ্য জানতে 01714609954 নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
পরিবারের পক্ষ থেকে তাসরিফের চিকিৎসার জন্য সহযোগিতার পাশাপাশি মানবিক আবেদনটি বেশি বেশি শেয়ার করার অনুরোধ জানানো হয়েছে। একটি শেয়ারও হয়তো কোনো সহৃদয় মানুষের নজরে এনে দিতে পারে, যার সহযোগিতায় ছোট্ট শিশুটির চিকিৎসা ও অপারেশনের পথ সহজ হতে পারে।