logo
চ্যানেল জৈন্তা নিউজ
জাতীয় ০১ সেপ্টেম্বর ২০২৬ ০৭:৪২ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ
জ্বালানি, বিদ্যুৎ ও লজিস্টিক সংকট দূর করে শিল্প-বাণিজ্য শক্তিশালী করার উদ্যোগ

অর্থনীতিতে গতি সঞ্চার ও বিনিয়োগ বাড়াতে কাজ করছে সরকার: বাণিজ্যমন্ত্রী

চ্যানেল জৈন্তা নিউজ ০১ সেপ্টেম্বর ২০২৬ ০৭:৪২ অপরাহ্ন জাতীয়
চ্যানেল জৈন্তা নিউজ ০১ সেপ্টেম্বর ২০২৬ ০৭:৪২ অপরাহ্ন
অর্থনীতিতে গতি সঞ্চার ও বিনিয়োগ বাড়াতে কাজ করছে সরকার: বাণিজ্যমন্ত্রী

সিলেট প্রতিনিধি:

দেশের অর্থনীতিতে গতি সঞ্চার, শিল্পায়ন সম্প্রসারণ এবং দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, জ্বালানি সংকট, বিদ্যুৎ ব্যবস্থাপনা ও লজিস্টিকসহ অর্থনৈতিক উন্নয়নের পথে বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করে শিল্প-বাণিজ্যের গুরুত্বপূর্ণ খাতগুলোকে আরও শক্তিশালী করা হবে।


মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সিলেট নগরীর তোপখানা রোডের সুরমা ভ্যালিতে সিলেট মহানগর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। একই দিনে তোপখানায় সিলেট মহানগর বিএনপির কার্যালয় উদ্বোধন করা হয়।


বাণিজ্যমন্ত্রী বলেন, বর্তমানে দল ও সরকারের সামনে উদযাপনের চেয়ে দেশ গঠনের চ্যালেঞ্জই বড়। জনগণের প্রত্যাশা পূরণ, বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিরসন এবং লজিস্টিক ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে গতি সঞ্চার করাই সরকারের অন্যতম প্রধান লক্ষ্য।


তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বিভিন্ন নির্বাচনে জনগণের সমর্থন নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেছে। শত প্রতিকূলতার মধ্যেও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দল ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় নেতৃত্ব দিয়েছেন। বর্তমানে তাঁর জ্যেষ্ঠ সন্তান, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের দায়িত্ব পালন করছেন।


খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের অর্থনৈতিক উন্নয়ন ও মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছেন। জাতীয় উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা শিল্প, বাণিজ্য ও অর্থনীতির প্রতিটি খাতকে গতিশীল করার উদ্যোগ নেওয়া হয়েছে।


তিনি আরও বলেন, বিনিয়োগ সম্প্রসারণের জন্য প্রয়োজনীয় অবকাঠামো ও ব্যবসাবান্ধব পরিবেশ উন্নয়নের পাশাপাশি শিল্পায়নকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি সিলেটে একটি বেসিক শিল্পনগরী প্রতিষ্ঠার ঘোষণা দেওয়া হয়েছে।


সিলেটে শিল্পনগরী প্রতিষ্ঠার উদ্যোগের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, এ ধরনের অবকাঠামো গড়ে উঠলে শিল্পের বিকাশের পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। একই সঙ্গে দেশি-বিদেশি বিনিয়োগ বাড়ানো এবং জাতীয় অর্থনীতিতে নতুন গতি সঞ্চার করা সম্ভব হবে। শিল্প ও বিনিয়োগ সম্প্রসারণকে সরকারের চলমান অগ্রাধিকারের অংশ হিসেবেও তিনি উল্লেখ করেন।


বাণিজ্যমন্ত্রী বলেন, অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিরও উন্নয়ন করা হবে। জনগণ যে প্রত্যাশা নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে দেশের দায়িত্ব দিয়েছে, সেই প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্য রেখে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে।


তিনি বলেন, একটি শক্তিশালী, সমৃদ্ধ ও গতিশীল অর্থনীতি গড়ে তোলাই সরকারের লক্ষ্য। এ লক্ষ্যে শিল্প-বাণিজ্যের সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি এবং অর্থনৈতিক উন্নয়নের পথে বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করার কার্যক্রম অব্যাহত থাকবে।


অনুষ্ঠানে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিমসহ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/17366
Page of