logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ০২ সেপ্টেম্বর ২০২৬ ০৪:১৬ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ
রোগীর দেখানো বেড পরিবর্তনের নির্দেশ স্বাস্থ্য কর্মকর্তা মইনুল আহসানের, ম্যানেজারকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন

ওসমানীনগরের ভার্ড চক্ষু হাসপাতালে বেডে ছারপোকা, রোগীদের দুর্ভোগ

চ্যানেল জৈন্তা নিউজ ০২ সেপ্টেম্বর ২০২৬ ০৪:১৬ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ০২ সেপ্টেম্বর ২০২৬ ০৪:১৬ অপরাহ্ন
ওসমানীনগরের ভার্ড চক্ষু হাসপাতালে বেডে ছারপোকা, রোগীদের দুর্ভোগ

নিজস্ব প্রতিবেদক, ওসমানীনগর:

সিলেটের ওসমানীনগর উপজেলার ভার্ড চক্ষু হাসপাতালে রোগীদের ব্যবহৃত বেডে ছারপোকার উপস্থিতি নিয়ে দুর্ভোগের অভিযোগ উঠেছে। সোমবার (৩১ আগস্ট) দুপুর ১২টার দিকে হাসপাতাল পরিদর্শনে গিয়ে বেডে ছারপোকার উপস্থিতি দেখতে পান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা মইনুল আহসান।


পরিদর্শনের সময় এক নারী রোগী তার ব্যবহৃত বেডে থাকা ছারপোকা সরাসরি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা মইনুল আহসানকে দেখান। রোগীর অভিযোগ, বেডে ছারপোকার কারণে অনেক রোগী ঠিকমতো ঘুমাতে পারছেন না এবং এতে চিকিৎসা নিতে এসে বাড়তি ভোগান্তিতে পড়তে হচ্ছে।


রোগীর কাছ থেকে বিষয়টি দেখার পর মইনুল আহসান হাসপাতালের ম্যানেজারকে ওই বেড পরিবর্তন করে দেওয়ার নির্দেশ দেন বলে জানা গেছে।


পরিদর্শনকালে হাসপাতালের ব্যবস্থাপনা, রোগীদের সুযোগ-সুবিধা ও সেবার মান নিয়েও ম্যানেজারের কাছে বিভিন্ন বিষয়ে জানতে চান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা।


এক পর্যায়ে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির আয়োজনের বিষয়ে আগের আলোচনা ও উদ্যোগের প্রসঙ্গ তোলেন। এ বিষয়ে আগে বলা হলেও সেখানে কেন ফ্রি চক্ষু শিবির আয়োজন করা হয়নি, তা ম্যানেজারের কাছে জানতে চান তিনি।


এ সময় হাসপাতালের বিভিন্ন বেডের অবস্থা, রোগীদের সুযোগ-সুবিধা এবং সামগ্রিক ব্যবস্থাপনার বিভিন্ন দিক খতিয়ে দেখেন মইনুল আহসান।


কর্তৃপক্ষের বক্তব্য


এ বিষয়ে ভার্ড ও ভার্ড-ইসিএস লিমিটেডের ডেপুটি ডিরেক্টর (মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন) কামরুল হাসান চৌধুরী বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা হাসপাতাল পরিদর্শন করেছেন এবং কিছু দিকনির্দেশনা দিয়েছেন। পরিদর্শনে যেসব সমস্যা চিহ্নিত হয়েছে, সেগুলো সমাধানের চেষ্টা করা হবে।


স্থানীয়দের মতে, হাসপাতালে চিকিৎসাসেবা নিশ্চিত করার পাশাপাশি রোগীদের থাকার পরিবেশও স্বাস্থ্যসম্মত ও আরামদায়ক হওয়া জরুরি। বিশেষ করে রোগীদের ব্যবহৃত বেডে ছারপোকার মতো সমস্যা থাকলে তা দ্রুত সমাধান করা প্রয়োজন।


তাদের দাবি, রোগীদের স্বাভাবিক বিশ্রাম ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষের নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম, বেড ও শয্যা পরিদর্শন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/17388
Page of