logo
চ্যানেল জৈন্তা নিউজ
সুনামগঞ্জ ০২ সেপ্টেম্বর ২০২৬ ০১:০৩ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ
সুনামগঞ্জকে উন্নয়নের রোল মডেলে পরিণত করা হবে’: কলিম উদ্দিন মিলন

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সুনামগঞ্জে বিশাল শোভাযাত্রা ও সমাবেশ

চ্যানেল জৈন্তা নিউজ ০২ সেপ্টেম্বর ২০২৬ ০১:০৩ পূর্বাহ্ন সুনামগঞ্জ
চ্যানেল জৈন্তা নিউজ ০২ সেপ্টেম্বর ২০২৬ ০১:০৩ পূর্বাহ্ন
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সুনামগঞ্জে বিশাল শোভাযাত্রা ও সমাবেশ

সুনামগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।


মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে শহরের পুরাতন বাসস্টেশন এলাকায় জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি বের হয়। জেলা বিএনপির আহ্বায়ক ও সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন মিলন এবং সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের নেতৃত্বে শোভাযাত্রাটি শহরের ট্রাফিক পয়েন্টসহ বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে হোসেন বখত চত্বরে (বক পয়েন্ট) গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।


শোভাযাত্রায় জেলা বিএনপি, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, কৃষক দল, যুবদল ও ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে কর্মসূচিতে যোগ দেন।


সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক ও সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন মিলন।


এ সময় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নাদীর আহমদ, রেজাউল হক, অ্যাডভোকেট শেরেনুর আলী, আলহাজ আনিসুল হক, জেলা মহিলা দলের সভানেত্রী লুৎফা আনোয়ার, সাধারণ সম্পাদিকা হাফিজা ফেরদৌস লিপন, সাংগঠনিক সম্পাদিকা খাদিজা কলি, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট মামুনুর রশিদ কয়েছ ও সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজুসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন।


‘সুনামগঞ্জকে উন্নয়নের রোল মডেলে পরিণত করা হবে’


প্রধান অতিথির বক্তব্যে কলিম উদ্দিন মিলন এমপি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপির প্রতিষ্ঠাতা। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং দলের বর্তমান নেতৃত্বের প্রতি মানুষের আস্থা রয়েছে।


তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে দেশের প্রতিটি ধর্মের মানুষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠার জন্য কাজ করা হচ্ছে। ইতোমধ্যে কৃষকদের জন্য কৃষি কার্ড, পরিবারের নারীদের জন্য কার্ড চালুসহ খাল খনন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।


কলিম উদ্দিন মিলন আরও বলেন, সুনামগঞ্জ দীর্ঘদিন ধরে অবহেলিত। জেলার প্রত্যন্ত অঞ্চলের অবকাঠামোগত উন্নয়নের বিষয়টি ইতোমধ্যে সংসদে আলোচনা হয়েছে। সুনামগঞ্জকে উন্নয়নের রোল মডেলে পরিণত করার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন তিনি।


তিনি বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হচ্ছে। পাশাপাশি দলের নেতৃত্বের প্রতি আস্থা রেখে সুনামগঞ্জবাসীর কল্যাণে সর্বোচ্চ চেষ্টা করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।


সমাবেশে বক্তারা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরেন এবং গণতন্ত্র, জনকল্যাণ ও দেশের উন্নয়নে দলীয় কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/17384
Page of