ছাতকে ফায়ার সার্ভিস সপ্তাহ ২০২৬ উদ্বোধন, অগ্নি নির্বাপন ও উদ্ধার মহড়া প্রদর্শন
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি।
সুনামগঞ্জের ছাতক উপজেলায় “অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন” শ্লোগানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে অগ্নি নির্বাপন ও উদ্ধার কার্যক্রমের মহড়া প্রদর্শন এবং লিফলেট বিতরণ করা হয়।
বুধবার (২০ মে) সকাল ১০টায় ছাতক ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ছাতক ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা জালাল আহমেদের সভাপতিত্বে এবং সিনিয়র ফায়ার ফাইটার জয়দেব রায়ের পরিচালনায় সপ্তাহব্যাপী কর্মসূচির সূচনা করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফায়ার সার্ভিস সপ্তাহের উদ্বোধন ঘোষণা করেন এবং বক্তব্য রাখেন ছাতক উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহিবুর রহমান মানিক অষ্টগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইন উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন ব্যবসায়ী মতিউর রহমান, বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট মেজবাহ উদ্দিন, স্টেশন লিডার শাহীনুর আলম পাভেলসহ ফায়ার সার্ভিসের বিভিন্ন সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে মানুষের জানমাল রক্ষায় কাজ করে যাচ্ছেন। তারা বলেন, অগ্নি দুর্ঘটনা ও যেকোনো দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি।
অনুষ্ঠানে আরও বলা হয়, ফায়ার সার্ভিসের ইতিহাস শুধু সাফল্যের নয়, রয়েছে আত্মত্যাগের গৌরবময় অধ্যায়ও। দায়িত্ব পালনকালে দেশের ৫২ জন বীর ফায়ার ফাইটার সর্বোচ্চ আত্মত্যাগের মাধ্যমে শহীদ হয়েছেন, যাদের ত্যাগ জাতির জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
আলোচনা সভা শেষে ফায়ার সার্ভিস সদস্যরা বিভিন্ন পয়েন্টে লিফলেট বিতরণ করেন এবং অগ্নি নির্বাপন ও উদ্ধার মহড়া প্রদর্শন করেন। মহড়ায় আগুন লাগলে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং নিরাপদ উদ্ধার কার্যক্রম পরিচালনার কৌশল প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মুক্তিরগাঁও জামেয়া মাদ্রাসার ছাত্র হাফিজ আহমেদ গুলজার এবং পবিত্র গীতা পাঠ করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব-অফিসার দিলীপ চন্দ্র দত্ত।