প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলে বিভাগীয় চ্যাম্পিয়ন লংলাখাল স্কুল দলকে মন্ত্রী আরিফুল হক চৌধুরীর অভিনন্দন
গোয়াইনঘাট প্রতিনিধি।
প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক ও বালিকা) ২০২৬-এ সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার লংলাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, সিলেট বিভাগের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে লংলাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দলের এই অর্জন সমগ্র সিলেট বিভাগকে গর্বিত করেছে।
তিনি আরও বলেন, চমৎকার ক্রীড়ানৈপুণ্য, অসাধারণ দলগত বোঝাপড়া এবং মাঠের প্রতিটি মুহূর্তে অদম্য ইচ্ছাশক্তি ও লড়াকু মানসিকতার মাধ্যমে তারা যে সাফল্য অর্জন করেছে, তা সত্যিই প্রশংসনীয়। এই জয় শুধু গোয়াইনঘাট উপজেলা বা সিলেট জেলার নয়, বরং পুরো বিভাগের ক্রীড়াঙ্গনের জন্য একটি বড় অর্জন।
মন্ত্রী আশা প্রকাশ করেন, এই ধারাবাহিক সাফল্য ভবিষ্যতে আরও বড় অর্জনের পথ তৈরি করবে এবং তরুণ খেলোয়াড়রা জাতীয় পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে দেশের ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নেবে।
তিনি বলেন, শিক্ষার পাশাপাশি খেলাধুলার এই ধারা অব্যাহত রাখতে হবে। ভবিষ্যতে তারা দেশের ক্রীড়াঙ্গনের উজ্জ্বল তারকা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করবে বলেও তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।
এছাড়া তিনি তার নির্বাচনী এলাকার এই স্কুল দলের কোচ, শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান এবং ভবিষ্যতের জন্য শুভকামনা জানান।