logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ২১ মে ২০২৬ ১২:৩২ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

এক মাসে সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিন দফা চুরি, এলাকায় চাঞ্চল্য

চ্যানেল জৈন্তা নিউজ ২১ মে ২০২৬ ১২:৩২ পূর্বাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ২১ মে ২০২৬ ১২:৩২ পূর্বাহ্ন
এক মাসে সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিন দফা চুরি, এলাকায় চাঞ্চল্য

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি:


সিলেটের বিশ্বনাথ উপজেলার ১ নম্বর লামাকাজী ইউনিয়নের সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক মাসের মধ্যে পরপর তিনবার চুরির ঘটনা ঘটেছে। গত ১৯ মে মঙ্গলবার রাতে সর্বশেষ চুরির ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও চাঞ্চল্য দেখা দিয়েছে।


বিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৮ এপ্রিল, ৪ মে এবং ১৯ মে—এই তিনটি পৃথক সময়ে বিদ্যালয়টিতে চুরি সংঘটিত হয়। একাধিকবার চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।


সর্বশেষ ঘটনায় দুর্বৃত্তরা তালা কেটে বিদ্যালয়ের ভেতরে প্রবেশ করে ১টি সিলিং ফ্যান, একটি গ্যাস সিলিন্ডার, গ্যাসের চুলা, ১০টি এপ্রোনসহ বিভিন্ন সরঞ্জাম চুরি করে নিয়ে যায় বলে জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিউলি দাশ।


প্রথম চুরির ঘটনায় প্রধান শিক্ষিকা শিউলি দাশ বিশ্বনাথ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পরবর্তীতে ৪ মে সংঘটিত চুরির ঘটনায় অজ্ঞাতনামা চোরের বিরুদ্ধে একটি মামলা (এফআইআর) দায়ের করা হয়। তবে এখনো কোনো চোর শনাক্ত বা আটক না হওয়ায় বারবার চুরির ঘটনা ঘটছে বলে অভিযোগ স্থানীয় সচেতন মহলের।


এদিকে সর্বশেষ ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানান বিশ্বনাথ থানার এসআই শামসুল হক সুমন।


উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহিন মাহবুব বলেন, একটি বিদ্যালয়ে এত অল্প সময়ের মধ্যে তিনবার চুরির ঘটনা অত্যন্ত উদ্বেগজনক ও রহস্যজনক। তিনি এ ঘটনায় দ্রুত ও কার্যকর ব্যবস্থা নিতে পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানান।


এলাকাবাসী দ্রুত চুরি প্রতিরোধ ও দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15538
Page of