logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ২১ মে ২০২৬ ১২:৩৬ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

জকিগঞ্জে পাটনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত: কৃষকদের দক্ষতা ও আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণে জোর

চ্যানেল জৈন্তা নিউজ ২১ মে ২০২৬ ১২:৩৬ পূর্বাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ২১ মে ২০২৬ ১২:৩৬ পূর্বাহ্ন
জকিগঞ্জে পাটনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত: কৃষকদের দক্ষতা ও আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণে জোর

জকিগঞ্জ প্রতিনিধি। 

সিলেটের জকিগঞ্জ উপজেলায় কৃষকদের দক্ষতা বৃদ্ধি, আধুনিক কৃষি প্রযুক্তির সম্প্রসারণ এবং মাঠপর্যায়ের অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে “পাটনার ফিল্ড স্কুল কংগ্রেস” অনুষ্ঠিত হয়েছে।


বুধবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, জকিগঞ্জের আয়োজনে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি সিলেটের উপপরিচালক মো. শামসুজ্জামান। সভাপতিত্ব করেন জকিগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মুমিন।


এ সময় উপস্থিত ছিলেন জকিগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান আহমদ, জকিগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবুল হোসেন, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মাসুক আহমদ, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহসান হাবীব লায়েকসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও কৃষি সংশ্লিষ্ট ব্যক্তিরা।


অনুষ্ঠানে কৃষকদের পক্ষে বক্তব্য দেন কিবরিয়া আহমদ, জুবেল আহমদ, তারেক আহমদ ও আব্দুস শহীদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপসহকারী কৃষি কর্মকর্তা জয়নুল হক।


কৃষি মন্ত্রণালয়ের ২০২৫-২৬ অর্থবছরের “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” প্রকল্পের আওতায় এ কংগ্রেসের আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকার কৃষক, কৃষাণী, মাঠকর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।


বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থা গড়ে তুলতে মাঠপর্যায়ে কৃষকদের প্রশিক্ষণ ও সচেতনতা বৃদ্ধির বিকল্প নেই। ফিল্ড স্কুল কার্যক্রমের মাধ্যমে কৃষকরা সরাসরি মাঠে থেকে শিখছেন, অভিজ্ঞতা বিনিময় করছেন এবং উৎপাদন বৃদ্ধির পাশাপাশি পুষ্টি ও টেকসই কৃষি ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।


তারা আরও বলেন, কৃষকদের সক্ষমতা উন্নয়ন ও নতুন উদ্যোক্তা তৈরির মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করা সম্ভব। এ ধরনের আয়োজন কৃষকদের মাঝে নতুন উদ্যম সৃষ্টি করবে এবং কৃষি খাতে ইতিবাচক পরিবর্তন আনবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।


অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী কৃষকদের মধ্যে মতবিনিময় ও অভিজ্ঞতা বিনিময় অনুষ্ঠিত হয়।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15540
Page of