সিলেট-তামাবিল মহাসড়কে ঝটিকা মিছিল, পরে আটক ছাত্রলীগের দুই কর্মী
স্টাফ রিপোর্টার।
সিলেটের জৈন্তাপুরে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া মামলার এজাহারভুক্ত দুই আসামিকে আটক করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। আটকরা নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতাকর্মী বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার পশ্চিম বালিপাড়া গ্রামের নিজাম উদ্দিনের ছেলে ও ছাত্রলীগ কর্মী আল মারজানকে মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যায় হরিপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয়। তিনি সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া মামলার এজাহারভুক্ত আসামি।
অপরদিকে, বুধবার (২০ মে) সন্ধ্যায় উপজেলার চতুল বাজার এলাকায় লক্ষীপ্রসাদ গ্রামের মৃত আকবর আলীর ছেলে এবং একই মামলার এক নম্বর এজাহারভুক্ত আসামি ছাত্রলীগ কর্মী সাইফুল ইসলাম রিপনকে আটক করা হয়। এ সময় উপজেলা ছাত্রদল নেতা বদরুল আলমের নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীরা তাকে ধরে পুলিশের হাতে তুলে দেয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
জানা যায়, এর আগে ঢাকায় একটি রাজনৈতিক মিছিলে অংশ নেওয়ার ঘটনায় সাইফুল ইসলাম রিপন পুলিশের হাতে আটক হন। পরে প্রায় সাত মাস কারাভোগ শেষে জামিনে বাড়ি ফেরেন তিনি।
পুলিশ ও স্থানীয় সূত্রে আরও জানা যায়, গত সোমবার (১৮ মে) ভোরে সিলেট-তামাবিল মহাসড়কের হরিপুর করিচেরপুল এলাকায় সাইফুল ইসলামের নেতৃত্বে ১০ থেকে ১৫ জন ছাত্রলীগ নেতাকর্মী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে একটি ঝটিকা মিছিল বের করে। পরে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবর রহমান মোল্লা বলেন, “সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া মামলার এজাহারভুক্ত দুই আসামিকে পৃথক অভিযানে আটক করা হয়েছে। এলাকায় নাশকতা কিংবা জনমনে আতঙ্ক সৃষ্টির মতো যেকোনো কর্মকাণ্ড কঠোরভাবে দমন করা হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বদা তৎপর রয়েছে। আটক দুজনকে আদালতের মাধ্যমে পরবর্তী আইনগত প্রক্রিয়ায় পাঠানো হবে।”