logo
চ্যানেল জৈন্তা নিউজ
সারাদেশে ২০ মে ২০২৬ ১১:১৪ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

মাদক-জুয়ার ঋণ শোধে নিজের দুই সন্তানকে বিক্রি! ২৮ দিন পর পিবিআই’র অভিযানে উদ্ধার, গ্রেপ্তার বাবা-সহ ৩

চ্যানেল জৈন্তা নিউজ ২০ মে ২০২৬ ১১:১৪ অপরাহ্ন সারাদেশে
চ্যানেল জৈন্তা নিউজ ২০ মে ২০২৬ ১১:১৪ অপরাহ্ন
মাদক-জুয়ার ঋণ শোধে নিজের দুই সন্তানকে বিক্রি! ২৮ দিন পর পিবিআই’র অভিযানে উদ্ধার, গ্রেপ্তার বাবা-সহ ৩

অনলাইন ডেস্ক। 

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চাঞ্চল্যকর শিশু অপহরণ ও মানব পাচারের ঘটনায় ২৮ দিন পর রহস্য উদঘাটন করেছে পিবিআই। মাদক ও অনলাইন জুয়ার আসক্ত এক বাবা নিজের দুই শিশুসন্তানকে সংঘবদ্ধ মানব পাচার চক্রের কাছে বিক্রি করেছেন বলে জানিয়েছে তদন্ত সংশ্লিষ্টরা। এ ঘটনায় শিশুদের পিতাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং দুই শিশুকেই জীবিত উদ্ধার করা হয়েছে।


গত ২১ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দে সিদ্ধিরগঞ্জের মিজমিজি বুকস গার্ডেন এলাকা থেকে পাঁচ বছর বয়সী শিশু আরিয়ান ও মাত্র ২৮ দিন বয়সী শিশু আব্দুর রহমান জুবায়েতকে পরিকল্পিতভাবে অপহরণ করা হয়। এ ঘটনায় শিশুদের মা ঝর্না আক্তার দায়ের করা মামলায় তার স্বামী মোঃ মেজবাহ উদ্দিন, এমদাদুল হক রব্বানীসহ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইন ২০১২-এর ৬/৭/৮/১০ ধারায় মামলা দায়ের করা হয়। মামলা নম্বর-৩১, তারিখ ১৩ মে ২০২৬।


পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশে মামলার তদন্তভার গ্রহণ করে পিবিআই নারায়ণগঞ্জ। বর্তমানে মামলাটি তদন্ত করছেন পিবিআই নারায়ণগঞ্জের এসআই (নিঃ) মোঃ ফরহাদ বিন করিম।


তদন্তের একপর্যায়ে গত ১৮ মে ২০২৬ তারিখে ঢাকার বনানী এলাকার কড়াইল বস্তির টিএনটি গেইট এলাকা থেকে মূল আসামি এমদাদুল হক রব্বানীকে গ্রেপ্তার করে পিবিআই। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সাভারের আড়াপাড়া নিঝুম নিবাস এলাকা থেকে পাঁচ বছর বয়সী শিশু আরিয়ানকে উদ্ধারসহ শিশুদ্বয়ের পিতা মেজবাহ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। একইসঙ্গে পল্লবী থানার একটি বাসা থেকে নূর-ই-নাসরিনকে গ্রেপ্তার করে তার হেফাজত থেকে ২৮ দিন বয়সী শিশু আব্দুর রহমান জুবায়েতকে উদ্ধার করা হয়।


গ্রেপ্তারকৃতদের মধ্যে শিশুদের পিতা মেজবাহ উদ্দিন আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।


পিবিআই জানায়, গ্রেপ্তারকৃত এমদাদুল হক রব্বানী একটি সংঘবদ্ধ মানব পাচার চক্রের সক্রিয় সদস্য। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে সহযোগীদের সহায়তায় দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকার দরিদ্র ও অসচ্ছল পরিবারকে টার্গেট করে অর্থের প্রলোভন দেখিয়ে শিশু সংগ্রহ ও পাচারের সঙ্গে জড়িত ছিল সে। তদন্তে তার বিরুদ্ধে পূর্বেও একাধিক শিশু পাচারের তথ্য পাওয়া গেছে।


এছাড়া তদন্তে উঠে এসেছে, মাদক ও অনলাইন জুয়ার কারণে আর্থিক সংকটে পড়ে মেজবাহ উদ্দিন দ্রুত অর্থের ব্যবস্থা করতে নিজের দুই শিশুসন্তানকে মানব পাচার চক্রের সদস্যদের কাছে ২ লাখ ৭০ হাজার টাকায় বিক্রি করে দেন।


এ ঘটনায় শিশু আরিয়ানের জবানবন্দিও আদালতে ২২ ধারায় রেকর্ড করা হয়েছে। চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পিবিআই।

মামলার তদন্ত এখনও চলমান।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15533
Page of