আশুগঞ্জে হাইওয়ে পুলিশের অভিযানে ২৫ কেজি গাঁজাসহ মাইক্রোবাস আটক, ধরা পড়ল ৩ মাদক কারবারি
স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে অভিযান চালিয়ে ২৫ কেজি গাঁজা, মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাসসহ তিন মাদক কারবারিকে আটক করেছে খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ।
শুক্রবার (১ মে) দুপুরে সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজার পূর্ব পাশে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার রনি মিয়া (২২), মো. সিয়াম (১৮) ও রতন খা (৩৬)। পুলিশ জানায়, তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত।
সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু তাহের দেওয়ান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি মাইক্রোবাসে করে গাঁজা নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাওয়া হচ্ছে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ আশুগঞ্জ এলাকায় বিশেষ চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে।
একপর্যায়ে সন্দেহভাজন কালো রঙের মাইক্রোবাসটি (ঢাকা মেট্রো-চ ৫৩-৩৬৫৫) থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ির ভেতরে থাকা দুটি কালো ব্যাগ থেকে ২৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছে, কসবা সীমান্ত এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করতো তারা।
ওসি মোহাম্মদ আবু তাহের দেওয়ান আরও বলেন, “সিলেট রিজিয়ন হাইওয়ে পুলিশ সুপারের স্পষ্ট নির্দেশনায় মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি।”
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।