logo
চ্যানেল জৈন্তা নিউজ
জাতীয় ১০ মে ২০২৬ ১১:৩৮ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

পুলিশের যৌক্তিক দাবি পূরণের আশ্বাস দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

চ্যানেল জৈন্তা নিউজ ১০ মে ২০২৬ ১১:৩৮ অপরাহ্ন জাতীয়
চ্যানেল জৈন্তা নিউজ ১০ মে ২০২৬ ১১:৩৮ অপরাহ্ন
পুলিশের যৌক্তিক দাবি পূরণের আশ্বাস দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক। 

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশ বাহিনীকে একটি জনকল্যাণমুখী ও আধুনিক বাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সরকারের আর্থিক সক্ষমতা ও সঙ্গতি বিবেচনায় তাদের যৌক্তিক দাবিসমূহ পূরণ করা হবে।


মন্ত্রী আজ রাজধানীর রাজারবাগ পুলিশ মিলনায়তনে ‘পুলিশ সপ্তাহ-২০২৬’ উদযাপন উপলক্ষ্যে ‘প্রধানমন্ত্রীর বিশেষ কল্যাণ সভা’য় বিশেষ অতিথির বক্তব্যে এ কথা বলেন।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। স্বাগত বক্তব্য দেন আইজিপি মো. আলী হোসেন ফকির এবং ধন্যবাদ জ্ঞাপন করেন অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খন্দকার রফিকুল ইসলাম বিপিএম।


স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে অনেক পুলিশ সদস্য দীর্ঘ চাকরির পর অবসরে গেলেও পদোন্নতি পান না। এ বিষয়টি বিবেচনায় নিয়ে বিশেষ নীতিমালার মাধ্যমে যোগ্যতা ও সন্তোষজনক চাকরির রেকর্ডের ভিত্তিতে অবসরকালীন সময়ে কনস্টেবল থেকে অনারারি সহকারী উপপরিদর্শক (এএসআই), এএসআই থেকে অনারারি উপপরিদর্শক (এসআই) এবং এসআই থেকে অনারারি পরিদর্শক (ইন্সপেক্টর) পদে পদোন্নতির ব্যবস্থা করা হবে।


তিনি আরও বলেন, অতিরিক্ত কর্মঘণ্টায় দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের জন্য ওভারটাইম ভাতা প্রদানের বিষয়টি সরকার বিবেচনা করছে, যা কনস্টেবল থেকে ইন্সপেক্টর পর্যন্ত সকল পর্যায়ের সদস্যদের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে।


পুলিশ সদস্যদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষায় কেন্দ্রীয় ও বিভাগীয় পুলিশ হাসপাতালকে আধুনিকায়ন এবং প্রয়োজন অনুযায়ী নতুন হাসপাতাল নির্মাণের পরিকল্পনার কথাও জানান মন্ত্রী।


তিনি বলেন, পুলিশের বিভিন্ন ইউনিটের ভবন, কার্যালয় নির্মাণ ও আবাসন সংকট নিরসনে ভূমি অধিগ্রহণসহ প্রয়োজনীয় অর্থ সংস্থানকে সরকার অগ্রাধিকার দিচ্ছে।


বিগত দুই মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারিদের বিরুদ্ধে বিশেষ অভিযান চলমান রয়েছে। তিনি আরও বলেন, পরিবর্তিত অপরাধের ধরন মোকাবিলায় পুলিশকে আধুনিক প্রশিক্ষণ ও প্রযুক্তিগত দক্ষতা অর্জন করতে হবে।


তিনি জুয়া, অনলাইন জুয়া, সাইবার ক্রাইম ও মানি লন্ডারিং প্রতিরোধে যুগোপযোগী আইন প্রণয়নের জন্য গঠিত কমিটির সুপারিশ দ্রুত বাস্তবায়নের কথা জানান।


এছাড়া ‘মব কালচার’ বন্ধে বিদ্যমান আইন সংশোধন ও সংযোজনের উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।


মন্ত্রী পুলিশ বাহিনীকে জনআকাঙ্ক্ষা অনুযায়ী দায়িত্ব পালনের নির্দেশ দেন।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15296
Page of