logo
চ্যানেল জৈন্তা নিউজ
হবিগঞ্জ ২৭ এপ্রিল ২০২৬ ১১:৪০ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

চুনারুঘাটে ট্রান্সফরমার চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার, বিপুল তামার তার উদ্ধার

চ্যানেল জৈন্তা নিউজ ২৭ এপ্রিল ২০২৬ ১১:৪০ অপরাহ্ন হবিগঞ্জ
চ্যানেল জৈন্তা নিউজ ২৭ এপ্রিল ২০২৬ ১১:৪০ অপরাহ্ন
চুনারুঘাটে ট্রান্সফরমার চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার, বিপুল তামার তার উদ্ধার

 চুনারুঘাট প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাটে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির সঙ্গে জড়িত একটি চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ তামার তার ও ট্রান্সফরমারের যন্ত্রাংশ উদ্ধার করা হয়।


সোমবার (২৭ এপ্রিল) দুপুরে চুনারুঘাট থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মাধবপুর-চুনারুঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) এ কে এম সালিমুল হক।


তিনি জানান, তথ্য-প্রযুক্তির সহায়তায় ভোররাতে হবিগঞ্জ সদর ও মাধবপুর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে চক্রের সদস্যদের গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তারকৃতরা হলেন— জহির হোসেন (২৫), জাকির হোসেন (২৮), সোহেল মিয়া ওরফে রহমত আলী (৪৬), নাহিদ মিয়া (২৪), কালু মিয়া (৪০) ও সোহাগ মিয়া (৩৩)। এদের মধ্যে জহির ও জাকিরকে হবিগঞ্জ সদর থেকে এবং বাকিদের মাধবপুর থেকে গ্রেপ্তার করা হয়।


পুলিশ আরও জানায়, গ্রেপ্তারদের দেওয়া তথ্যের ভিত্তিতে সোহাগ মিয়ার ভাঙারির দোকান থেকে ২২ কেজি তামার তার, ১০ কেজি ৪০০ গ্রাম তামার প্লেট এবং ৪৬ কেজি ৯০০ গ্রাম ট্রান্সফরমারের লোহা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের বাজারমূল্য প্রায় ৮৩ হাজার ৭৬০ টাকা।


চুনারুঘাট থানার ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক চুরি ও ডাকাতির মামলা রয়েছে। সাম্প্রতিক সময়ে ট্রান্সফরমার চুরির ঘটনা বেড়ে যাওয়ায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।


তিনি আরও বলেন, এ চক্র গ্রেপ্তারের ফলে এলাকায় ট্রান্সফরমার চুরির ঘটনা অনেকটা নিয়ন্ত্রণে আসবে বলে আশা করা হচ্ছে। এ ঘটনায় চুনারুঘাট থানায় একটি নতুন মামলা দায়ের করা হয়েছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15014
Page of