লাখাইয়ে কালবৈশাখীর তাণ্ডব: অর্ধশতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্ত
লাখাই (হবিগঞ্জ), হবিগঞ্জের লাখাই উপজেলায় কালবৈশাখী ঝড়ে অর্ধশতাধিক বসতঘর বিধ্বস্ত হয়েছে। ঝড়ে অসংখ্য গাছপালা ভেঙে পড়ার পাশাপাশি মৌসুমি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে এবং বিদ্যুৎ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার বিভিন্ন ইউনিয়নে কালবৈশাখী ঝড় আঘাত হানে। বিশেষ করে করাব ইউনিয়নের হোসেনপুর ও করাব গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ঝড়ে ঘরবাড়ির চালা উড়ে যাওয়ার ঘটনাও ঘটেছে, যার কিছু এখনো উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানা গেছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, করাব গ্রামে ৩৫টি এবং হোসেনপুর গ্রামে ১৫টি ঘর সম্পূর্ণ ও আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ের তাণ্ডবে ঘরবাড়ির পাশাপাশি অসংখ্য গাছপালা উপড়ে পড়ে এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
এদিকে ভারী বৃষ্টি, ঝড়ো হাওয়া ও শিলাবৃষ্টির কারণে লাউ, কুমড়া, বরবটি, ঢেঁড়শসহ বিভিন্ন মৌসুমি সবজি ফসল ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। বিদ্যুৎ লাইনের উপর গাছ ভেঙে পড়ায় পুরো উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মুরাদ ইসলাম বলেন, “ঝড়ে বহু ঘরবাড়ির ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া গেছে। ক্ষতিগ্রস্তদের তালিকা প্রণয়নের কাজ চলছে। দ্রুতই আর্থিক সহায়তার উদ্যোগ নেওয়া হবে।”