logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ২৯ এপ্রিল ২০২৬ ১২:১৯ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

বালাগঞ্জে পুলিশের অভিযানে ৪ লাখ ২০ হাজার শলাকা ভারতীয় নিষিদ্ধ বিড়ি উদ্ধার

চ্যানেল জৈন্তা নিউজ ২৯ এপ্রিল ২০২৬ ১২:১৯ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ২৯ এপ্রিল ২০২৬ ১২:১৯ অপরাহ্ন
বালাগঞ্জে পুলিশের অভিযানে ৪ লাখ ২০ হাজার শলাকা ভারতীয় নিষিদ্ধ বিড়ি উদ্ধার

বালাগঞ্জ প্রতিনিধি। , বালাগঞ্জ: সিলেটের বালাগঞ্জ উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৪ লাখ ২০ হাজার শলাকা ভারতীয় তৈরি আমদানি নিষিদ্ধ বিড়ি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত বিড়ির আনুমানিক বাজার মূল্য ৮ লাখ ৪০ হাজার টাকা। এ ঘটনায় একই পরিবারের চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।


পুলিশ সূত্রে জানা যায়, বালাগঞ্জ থানার জিডি নং-৫৮৯ (তারিখ: ২৬ এপ্রিল ২০২৬) এর ভিত্তিতে গোপন সংবাদের পর অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) মানছুরা আক্তারের নির্দেশে বালাগঞ্জ থানার এসআই আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন।


২৬ এপ্রিল দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে উপজেলার ৩নং দেওয়ান বাজার ইউনিয়নের দক্ষিণ খাঁপুর গ্রামের সমুজ আলীর সেমিপাকা টিনশেড ঘরের বারান্দার পূর্ব পাশের একটি কক্ষে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘরের পুরুষ সদস্যরা পালিয়ে যায়।


অভিযানকালে ঘরের একটি কক্ষ থেকে ১০টি চটের বস্তায় রাখা ২০ কার্টুন ভারতীয় তৈরি “সেখ নাছির উদ্দিন ১৪ নং বিড়ি” উদ্ধার করা হয়। প্রতিটি কার্টুনে থাকা প্যাকেট ও শলাকার হিসাব অনুযায়ী মোট ৪ লাখ ২০ হাজার শলাকা বিড়ি জব্দ করা হয়।


স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে বিকাল আনুমানিক ৩টা ১৫ মিনিটে জব্দ তালিকা প্রস্তুত করে সাক্ষীদের স্বাক্ষর গ্রহণ করা হয়।


এ ঘটনায় দক্ষিণ খাঁপুর গ্রামের মোঃ তারেক মিয়া (৩৫), মোঃ আরিফ মিয়া (২৭), মোঃ শরিফ মিয়া (২০) ও সমুজ আলী (৫৯)-কে আসামি করে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫বি(১)(খ) ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।


পুলিশ জানায়, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে ভারত থেকে চোরাই পথে স্বল্পমূল্যে নিষিদ্ধ বিড়ি এনে বালাগঞ্জ এলাকায় বেশি দামে বিক্রি করছিল। শুল্ক-কর ফাঁকি দিয়ে এসব পণ্য দেশে এনে মজুত করার অভিযোগও রয়েছে।


বিষয়টি নিশ্চিত করে বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজ ইমতিয়াজ ভুঁইয়া জানান, পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15035
Page of