শাহজালাল মাজারে উরুস উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সমন্বয় সভা
সিলেট প্রতিনিধি: আগামী ৭ ও ৮ মে ২০২৬ অনুষ্ঠিতব্য হযরত শাহজালাল (রহ.) এঁর ৭০৭তম পবিত্র উরুস মোবারক উপলক্ষে সার্বিক আইন-শৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ এপ্রিল ২০২৬) বিকাল ৩টায় সিলেট মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সের কনফারেন্স রুমে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম।
সভায় উরুস মোবারক চলাকালীন মাজারের পবিত্রতা রক্ষা, অনৈসলামিক কার্যক্রম বন্ধ রাখা এবং জিয়ারতের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় পুলিশ কমিশনার বলেন, উরুস মোবারক চলাকালে দায়িত্বপ্রাপ্ত সকল সদস্য নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করবেন। নিরাপত্তা নিশ্চিত করতে মাজার ও আশপাশ এলাকায় পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন থাকবে এবং পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার সদস্যরাও দায়িত্ব পালন করবেন।
তিনি আরও বলেন, উরুস মোবারককে শান্তিপূর্ণ ও সুন্দরভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা প্রয়োজন।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) (ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ এনামুল হক, অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মুঃ মাসুদ রানা, পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক, অতিরিক্ত দায়িত্বে সদর ও প্রশাসন) সুদীপ্ত রায়, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মোঃ আফজাল হোসেনসহ এসএমপির অন্যান্য কর্মকর্তা, আলেম সমাজের প্রতিনিধি এবং উরুস সংশ্লিষ্ট প্রতিনিধিরা।