logo
চ্যানেল জৈন্তা নিউজ
সুনামগঞ্জ ২৬ এপ্রিল ২০২৬ ১১:৩৭ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

প্রেমের বিয়ের পাঁচ মাসেই একসঙ্গে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু—দিরাইয়ে বিষপানের ঘটনা

চ্যানেল জৈন্তা নিউজ ২৬ এপ্রিল ২০২৬ ১১:৩৭ অপরাহ্ন সুনামগঞ্জ
চ্যানেল জৈন্তা নিউজ ২৬ এপ্রিল ২০২৬ ১১:৩৭ অপরাহ্ন
প্রেমের বিয়ের পাঁচ মাসেই একসঙ্গে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু—দিরাইয়ে বিষপানের ঘটনা

দিরাই প্রতিনিধি। 

সুনামগঞ্জের দিরাই উপজেলায় প্রেমের সম্পর্ক থেকে বিয়ের মাত্র পাঁচ মাসের মাথায় স্বামী-স্ত্রী একসঙ্গে বিষপান করে মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেছেন।


নিহতরা হলেন মনিকা বেগম (১৮) এবং তার স্বামী মাহফুজ (২০)।


রোববার (২৬ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার রফিনগর ইউনিয়নের মির্জাপুর গ্রামে এ ঘটনা ঘটে।


স্থানীয় সূত্রে জানা যায়, মির্জাপুর গ্রামের আজিজুর রহমানের ছেলে মাহফুজ পেশায় গার্মেন্টস কর্মী ছিলেন। প্রায় পাঁচ মাস আগে একই গ্রামের মুর্শেদ মিয়ার মেয়ে মনিকার সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে তারা পরিবারের অজান্তে বিয়ে করেন। পরবর্তীতে উভয় পরিবার বিষয়টি মেনে নিলে তারা পারিবারিকভাবেই বসবাস শুরু করেন।


মাহফুজের বাবা আজিজুর রহমান জানান, সকালে তার স্ত্রী ও পুত্রবধূ রান্না শেষে পরিবারের সদস্যদের খাবার পরিবেশন করেন। তিনি হাওরে ধান কাটতে গেলে কিছুক্ষণ পর খবর পান—তার ছেলে ও পুত্রবধূ রান্নাঘরে বিষপান করে অসুস্থ অবস্থায় পড়ে আছেন।


পরে তাদের দ্রুত দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মনিকা বেগমকে মৃত ঘোষণা করেন। গুরুতর অবস্থায় মাহফুজকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে পরিবার নিশ্চিত করেছে।


দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. প্রশান্ত তালুকদার জানান, হাসপাতালে আনার আগেই মনিকার মৃত্যু হয়েছিল।


এদিকে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, স্বামী-স্ত্রীর একসঙ্গে বিষপানের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/14974
Page of