গোবিন্দগঞ্জে উন্নয়ন সভায় প্রায় শত কোটি টাকার বরাদ্দ ঘোষণা: সড়ক, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে বড় প্রকল্প
ছাতক প্রতিনিধি।
সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জে অঞ্চলভিত্তিক উন্নয়ন কার্যক্রমকে কেন্দ্র করে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সড়ক যোগাযোগ, শিক্ষা প্রতিষ্ঠান এবং ধর্মীয় অবকাঠামো উন্নয়নের জন্য প্রায় শত কোটি টাকার বরাদ্দ ঘোষণা করা হয়।
শনিবার (১৮ এপ্রিল) বিকেলে গোবিন্দগঞ্জের সায়মা সাদি মহল কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গোবিন্দগঞ্জকে অঞ্চলভিত্তিক উন্নয়নের জন্য জাতীয় পর্যায়ে উপস্থাপন করা হয়েছে। প্রবাসী ও ব্যবসায়ীদের সম্মিলিত প্রচেষ্টায় এই অঞ্চল দ্রুত অগ্রগতি লাভ করছে। শিক্ষা, ধর্মীয় প্রতিষ্ঠান ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে গোবিন্দগঞ্জকে আরও আধুনিক ও আলোকিত করার কাজ চলছে।
সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের জন্য মোট প্রায় শত কোটি টাকার বরাদ্দ ঘোষণা করা হয়। এর মধ্যে সড়ক খাতে উল্লেখযোগ্য বরাদ্দগুলো হলো—
কালারুকা-তাজপুর সড়কে ৮ কোটি টাকা, গোবিন্দগঞ্জ-বসন্তপুর সড়কে ৫ কোটি টাকা, নোয়াপাড়া-বাংলাবাজার সড়কে ৪ কোটি টাকা, হাইওয়ে রোড থেকে মোল্লাআতা সড়কে ৩ কোটি ১২ লাখ টাকা, গোবিন্দগঞ্জ-বিনন্দপুর সড়কে ৪ কোটি টাকা, জালালপুর-লামারসুলগঞ্জ সড়কে ৬ কোটি টাকা এবং বুড়াইগাঁও-আলমপুর সড়কে ৪ কোটি ৫০ লাখ টাকা।
শিক্ষা খাতে গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজের ভবন নির্মাণে ১ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। পাশাপাশি শাহ সুফি মোজাম্মিল আলী (র.) দাখিল মাদ্রাসা ও রাধানগর মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসার ভবন নির্মাণে পৃথকভাবে ১ কোটি ৫০ লাখ টাকা করে বরাদ্দ ঘোষণা করা হয়।
এছাড়া গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়, আলহাজ আয়াজুর রহমান উচ্চ বিদ্যালয় এবং গোবিন্দনগর ফজলিয়া আলিম মাদ্রাসার উর্ধ্বমুখী সম্প্রসারণে ২ কোটি ৫০ লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হবে বলে জানানো হয়। বাংলাবাজার সামারুননেছা স্কুল অ্যান্ড কলেজ ও সিসিপি উচ্চ বিদ্যালয়ের সংস্কার, মেরামত ও সীমানা প্রাচীর নির্মাণে ১৫ লাখ টাকা করে বরাদ্দ ঘোষণা করা হয়।
প্রাথমিক শিক্ষার উন্নয়নে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণে মোট ৩ কোটি টাকা বরাদ্দ এবং একাধিক বিদ্যালয়ের উর্ধ্বমুখী সম্প্রসারণে ২ কোটি ৫০ লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়। পাশাপাশি কয়েকটি বিদ্যালয়ের বাউন্ডারি ও গেট নির্মাণে ১৫ লাখ টাকা করে বরাদ্দ ঘোষণা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রুহুল আমিন এবং অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফজলুল করিম বুকল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সভায় স্থানীয় পর্যায়ের রাজনৈতিক, সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।