logo
চ্যানেল জৈন্তা নিউজ
সুনামগঞ্জ ২৬ এপ্রিল ২০২৬ ১০:৩২ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

জগন্নাথপুরে জমি বিরোধ ও হয়রানির অভিযোগে শতবর্ষী হাজী আব্দুল গফুরের সংবাদ সম্মেলন, এমপি-প্রশাসনের হস্তক্ষেপ কামনা

চ্যানেল জৈন্তা নিউজ ২৬ এপ্রিল ২০২৬ ১০:৩২ অপরাহ্ন সুনামগঞ্জ
চ্যানেল জৈন্তা নিউজ ২৬ এপ্রিল ২০২৬ ১০:৩২ অপরাহ্ন
জগন্নাথপুরে জমি বিরোধ ও হয়রানির অভিযোগে শতবর্ষী হাজী আব্দুল গফুরের সংবাদ সম্মেলন, এমপি-প্রশাসনের হস্তক্ষেপ কামনা

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের রসুলপুর গ্রামের শতবর্ষী হাজী আব্দুল গফুর স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। দীর্ঘদিনের জমি বিরোধ ও হয়রানির অভিযোগ তুলে তিনি রবিবার (২৬ এপ্রিল) বিকাল ৩টায় জগন্নাথপুর সাংবাদিক ফোরামে এক সংবাদ সম্মেলন করেন।


লিখিত বক্তব্যে হাজী আব্দুল গফুর জানান, একই গ্রামের মৃত নোয়াব আলীর ছেলে সিরাজ আলীর বিরুদ্ধে তিনি দীর্ঘদিন ধরে নানা ধরনের হয়রানির শিকার হয়ে আসছেন। তার অভিযোগ অনুযায়ী, রাস্তা নিয়ে বিরোধের সূত্রপাত ঘটে ১৯৯৮ সালের ১৭ নভেম্বর, যখন তৎকালীন ইউপি চেয়ারম্যান আপ্তাব উদ্দিনের উপস্থিতিতে বিষয়টি আপোষ-মিমাংসার মাধ্যমে সমাধান করা হয়।


তবে তিনি অভিযোগ করেন, ওই মীমাংসা অমান্য করে সিরাজ আলী পরবর্তীতে জোরপূর্বক তার মালিকানাধীন ভূমি রাস্তা হিসেবে ব্যবহার করতে থাকেন এবং জমির পানি চলাচলের পথ বন্ধ করে দেন। এমনকি তার জমিতে গাছ লাগিয়ে ফসল উৎপাদনে বাধা সৃষ্টি ও ভূমি দখলের চেষ্টা করা হয় বলেও তিনি দাবি করেন।


এ বিষয়ে তিনি ২০১৭ সালের ১৩ ডিসেম্বর জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দাখিল করেন। পরে তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলেও সিরাজ আলীর অসহযোগিতার কারণে বিরোধ নিষ্পত্তি হয়নি বলে জানান তিনি। এরপর ২০১৮ সালের ৩ জানুয়ারি ইউএনও বরাবর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ পাঠানো হয়।


পরে ২০২০ সালের ২২ অক্টোবর তিনি আবারও যাতায়াতের রাস্তা বন্ধের অভিযোগে ইউএনও’র কাছে আবেদন করেন। তদন্তে রানীগঞ্জ ইউনিয়ন ভূমি কর্মকর্তা অভিযোগের সত্যতা পান এবং ৩ ডিসেম্বর ২০২০ তারিখে প্রতিবেদন জমা দেন। তবে এরপরও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।


হাজী গফুর আরও জানান, এ ঘটনায় একাধিকবার হামলা ও সংঘর্ষে তিনি ও তার পরিবারের সদস্যরা আহত হয়েছেন। বিষয়টি জেলা প্রশাসক ও জগন্নাথপুর থানায়ও অভিযোগ আকারে জানানো হয়। বর্তমানে চলমান মামলার পরিপ্রেক্ষিতে তার ছেলেকে গ্রেফতার করা হলেও, তার বিরুদ্ধে দায়ের করা মামলার আসামিদের গ্রেফতার না হওয়ায় তিনি অসন্তোষ প্রকাশ করেন।


বয়সের ভারে ন্যুব্জ এই শতবর্ষী ব্যক্তি বলেন, বারবার স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা ব্যর্থ হওয়ায় তিনি এখন বাধ্য হয়ে সংসদ সদস্য ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন, যাতে ন্যায্য বিচার ও নিরাপত্তা নিশ্চিত হয়।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/14970
Page of