সীমান্তে বিজিবির জোরালো অভিযান: ৫৭ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ
সিলেট।
সিলেট সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে প্রায় ৫৭ লাখ ১৫ হাজার ৬৯৬ টাকা মূল্যের মালামাল আটক করা হয়।
বিজিবি সূত্র জানায়, ব্যাটালিয়নের দায়িত্বাধীন বাংলাবাজার, লাফার্জ, বিছনাকান্দি, নোয়াকোট, কালাসাদেক, তামাবিল, সংগ্রাম, প্রতাপপুর, শ্রীপুর এবং মিনাটিলা বিওপি এলাকায় একযোগে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভারত থেকে চোরাচালান হওয়া গরু, মহিষ, জিরা, কসমেটিকস, থান কাপড়, চিনি, কম্বল, মদ ও ইস্কপ সিরাপ জব্দ করা হয়। এছাড়া বাংলাদেশ থেকে পাচারের সময় কুইচ্চা মাছও আটক করা হয়েছে।
বিজিবির অধিনায়ক জানান, সীমান্তে নিরাপত্তা জোরদার করা এবং চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালান পণ্য আটক করা সম্ভব হয়েছে।
আটককৃত মালামালের বিরুদ্ধে বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে বিজিবি।