logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ১৯ এপ্রিল ২০২৬ ০১:১৮ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

বিজ্ঞানমনস্ক প্রজন্ম গঠনে জৈন্তাপুরে ৪৭তম বিজ্ঞান মেলা ও অলিম্পিয়াডের উদ্বোধন

চ্যানেল জৈন্তা নিউজ ১৯ এপ্রিল ২০২৬ ০১:১৮ পূর্বাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ১৯ এপ্রিল ২০২৬ ০১:১৮ পূর্বাহ্ন
বিজ্ঞানমনস্ক প্রজন্ম গঠনে জৈন্তাপুরে ৪৭তম বিজ্ঞান মেলা ও অলিম্পিয়াডের উদ্বোধন

জৈন্তাপুর (সিলেট): “উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জৈন্তাপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে ৪৭তম বিজ্ঞান মেলা, ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (১৮ এপ্রিল ) সকাল ১১টায় জৈন্তাপুর উপজেলা পরিষদের হলরুমে দিনব্যাপী এ আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ মেলার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা বৃদ্ধি, উদ্ভাবনী চিন্তাভাবনার বিকাশ এবং প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থার প্রতি আগ্রহ তৈরি করার লক্ষ্য নেওয়া হয়েছে।


এবারের বিজ্ঞান মেলা তত্ত্বাবধানে রয়েছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এবং সার্বিক পৃষ্ঠপোষকতায় রয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। মেলায় জৈন্তাপুর উপজেলার মোট ১৪টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করে তাদের উদ্ভাবনী প্রকল্প ও গবেষণাধর্মী প্রদর্শনী উপস্থাপন করে।


উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা। তিনি শিক্ষার্থীদের বিজ্ঞান চর্চায় আরও এগিয়ে আসার আহ্বান জানান এবং উদ্ভাবনী চিন্তার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার গুরুত্ব তুলে ধরেন।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) পলি রানী দেব, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা, কৃষি কর্মকর্তা হুমায়ন দিলদার, সিনিয়র মৎস্য কর্মকর্তা অলিউর রহমান, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন এবং বিয়াম ডা. কুদরত উল্লাহ স্কুলের প্রধান শিক্ষক আবু সুফিয়ান বিলাল। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং ক্ষুদে বিজ্ঞানীরা উপস্থিত ছিলেন।


উদ্বোধন শেষে অতিথিবৃন্দ মেলায় স্থাপিত বিভিন্ন স্টল পরিদর্শন করেন। তারা শিক্ষার্থীদের তৈরি উদ্ভাবনী প্রকল্প, বিজ্ঞানভিত্তিক মডেল, প্রযুক্তিগত ধারণা এবং গবেষণাধর্মী উপস্থাপন ঘুরে ঘুরে দেখেন। এ সময় তারা শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তাকে উৎসাহিত করেন এবং ভবিষ্যতে আরও উন্নত ও বাস্তবমুখী প্রকল্প তৈরির পরামর্শ দেন।


পরবর্তীতে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসব প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে তাদের জ্ঞান ও দক্ষতা প্রদর্শনের সুযোগ পায়। প্রতিযোগিতাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।


আয়োজকরা জানিয়েছেন, দিনব্যাপী এই বিজ্ঞান মেলা শেষে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। একই সঙ্গে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উৎসাহিত করার মাধ্যমে ভবিষ্যতে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় আরও গভীরভাবে সম্পৃক্ত করার প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।


স্থানীয় প্রশাসন ও আয়োজকরা মনে করেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা, গবেষণামূলক মনোভাব এবং উদ্ভাবনী দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, যা ভবিষ্যতে একটি প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গঠনে সহায়ক হবে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/14845
Page of