ছাতকে বিজ্ঞান-প্রযুক্তি মেলা জমজমাট: উদ্ভাবনী প্রকল্পে সেরা সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়
ছাতক প্রতিনিধি:
“উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের ছাতক উপজেলায় অনুষ্ঠিত হলো ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
বুধবার (১৫ এপ্রিল ২০২৬) উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন ছাতক উপজেলার নির্বাহী কর্মকর্তা মিজ ডিপ্লোম্যাসি চাকমা। একইদিনে উপজেলা পরিষদের আয়োজনে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়, যেখানে প্রধান অতিথি হিসেবেও উপস্থিত ছিলেন তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মিলন মিয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহ শফিউর রহমান, সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ হানিফ মিয়া, মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের একাডেমিক সুপারভাইজার সোয়েব আহমদ, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশীদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, দেশের টেকসই উন্নয়ন ও অগ্রগতির জন্য বিজ্ঞান ও প্রযুক্তির বিকল্প নেই। শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এবারের মেলায় দুটি গ্রুপে মোট ১৪টি স্কুল ও কলেজ অংশগ্রহণ করে। শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করে দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে এবং মেলায় সৃষ্টি হয় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
মেলা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উদ্ভাবনী প্রকল্পে সেরা হয়ে ছাতক সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় প্রথম স্থান অর্জন করে।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রেখে শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী ক্ষমতা বিকাশে কাজ করা হবে।