জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পে গতি আনতে নতুন নির্দেশনা জারি
জেলা পরিষদের আওতাধীন উন্নয়ন প্রকল্প গ্রহণ, অনুমোদন ও বাস্তবায়ন কার্যক্রমে গতি আনতে নতুন নির্দেশনা জারি করেছে স্থানীয় সরকার বিভাগ। রোববার(১২ এপ্রিল) বাংলাদেশ সচিবালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীন স্থানীয় সরকার বিভাগের জেলা পরিষদ শাখা থেকে প্রকাশিত এ নির্দেশনায় বলা হয়, জেলা পরিষদের এডিপি ও রাজস্ব তহবিলের আওতায় প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে বিদ্যমান জটিলতা দূর করে কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে।
নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, স্থানীয় সরকার বিভাগে প্রশাসনিক অনুমোদনের অপেক্ষায় থাকা প্রকল্পগুলো পুনরায় যাচাই-বাছাই করে সংশোধনপূর্বক প্রস্তাব আকারে পাঠাতে হবে। একইসঙ্গে পূর্বে অনুমোদিত কিন্তু আইনগত জটিলতা বা অন্য কোনো কারণে বাস্তবায়ন সম্ভব নয়—এমন প্রকল্পগুলো পরিষদ সভার সিদ্ধান্ত অনুযায়ী বাতিল করে নতুন প্রকল্প গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া, পূর্ববর্তী অর্থবছরে বরাদ্দ দেওয়া এডিপির অর্থ ব্যবহার না হলে সেই অব্যয়িত অর্থ দ্রুত নতুন প্রকল্প গ্রহণের মাধ্যমে কাজে লাগানোর ওপর জোর দেওয়া হয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়, অন্য কোনো মন্ত্রণালয় বা প্রতিষ্ঠানের অধিক্ষেত্রভুক্ত প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন থেকে বিরত থাকতে হবে। পাশাপাশি, নতুন প্রকল্প গ্রহণের ক্ষেত্রে এর যৌক্তিকতা, উপযোগিতা, জনকল্যাণমুখীতা এবং রাজস্ব ও এডিপি ব্যবহার সংক্রান্ত পরিপত্র যথাযথভাবে অনুসরণ করে পরিষদ সভার সিদ্ধান্তক্রমে প্রশাসনিক অনুমোদনের জন্য প্রস্তাব পাঠাতে হবে।
উপসচিব খোন্দকার ফরহাদ আহমদের স্বাক্ষরিত এ প্রজ্ঞাপন দেশের সকল জেলা পরিষদের প্রশাসক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে (তিন পার্বত্য জেলা ব্যতীত)।
এছাড়া সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুলিপিও প্রেরণ করা হয়েছে।