সিলেটে পুলিশের সাঁড়াশি অভিযান: ৪০ দিনে ৭৮ ছিনতাইকারী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, সিলেট | সিলেট মহানগরীকে নিরাপদ ও অপরাধমুক্ত রাখতে পুলিশি অভিযানে বড় সাফল্য এসেছে। গত ১ মার্চ ২০২৬ থেকে ৯ এপ্রিল ২০২৬ পর্যন্ত দীর্ঘ ৪০ দিনের বিশেষ অভিযানে মহানগরীর বিভিন্ন এলাকা থেকে মোট ৭৮ জন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।
সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা ও গোয়েন্দা শাখা (ডিবি) নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্ট ও অপরাধপ্রবণ এলাকাগুলোতে এই অভিযান পরিচালনা করে। পবিত্র রমজান ও ঈদকে সামনে রেখে জননিরাপত্তা নিশ্চিত করতে এই বিশেষ তৎপরতা চালানো হয়।
এসএমপি সূত্রে জানা গেছে, মান্যবর পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম এর কঠোর নির্দেশনায় ছিনতাইকারীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হয়েছে। নগরবাসীর চলাচল নির্বিঘ্ন করতে এবং ছিনতাইয়ের ঘটনা শূন্যের কোঠায় নামিয়ে আনতে পুলিশ এই কঠোর অবস্থানে রয়েছে।
গ্রেফতারকৃত ৭৮ জন আসামির বিরুদ্ধেই সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে এবং যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সিলেটকে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও আদর্শ বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে অপরাধীদের বিরুদ্ধে এ ধরনের সাঁড়াশি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অপরাধ দমনে পুলিশের পাশাপাশি সাধারণ নাগরিকদেরও সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।