জন্মাষ্টমীর আয়োজন নিয়ে কয়েস লোদী, মিফতাহ সিদ্দিকী ও ইমদাদ চৌধুরীর সঙ্গে মতবিনিময়
পার্থ সারথী ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী ও সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদ ১৪৩২ বাংলা আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ।
আগামী ৪ সেপ্টেম্বর শুক্রবার জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে শনিবার (২৯ আগস্ট) বিকেলে নগরীর নিম্বার্ক আশ্রমে পৃথকভাবে এসব সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময়কালে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেন, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী শুধু একটি ধর্মীয় উৎসব নয়; এটি বাংলাদেশের হাজার বছরের অসাম্প্রদায়িক ও সম্প্রীতির ঐতিহ্যেরও অংশ। সিলেটে সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষ দীর্ঘদিন ধরে পারস্পরিক সম্প্রীতি বজায় রেখে বসবাস করে আসছেন। জন্মাষ্টমীর সব আয়োজন শান্তিপূর্ণ ও সুন্দরভাবে সম্পন্ন করতে তাঁর পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তিনি।
সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী বলেন, ‘ধর্ম যার যার, উৎসব সবার’—এই চেতনায় সমাজ এগিয়ে যাবে। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত সব কর্মসূচি ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে সবাইকে আন্তরিকভাবে সহযোগিতা করতে হবে। সিলেটের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যকে আরও সুদৃঢ় করতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে প্রত্যেক ধর্মের মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করবেন—এটাই প্রত্যাশা। জন্মাষ্টমীর শোভাযাত্রাসহ সব কর্মসূচি সুন্দর ও নিরাপদভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন। আয়োজন সফল করতে তাঁর অবস্থান থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তিনি।
সভায় জন্মাষ্টমীর বর্ণাঢ্য আয়োজন, শোভাযাত্রার নিরাপত্তা এবং ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে সুষ্ঠুভাবে অনুষ্ঠান সম্পন্ন করার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা অসাম্প্রদায়িক ঐতিহ্য ও ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর সব আয়োজন সম্পন্ন করতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
মতবিনিময় সভায় সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদ ১৪৩২ বাংলার আহ্বায়ক শিবব্রত ভৌমিক চন্দন, সদস্যসচিব রাজীব দে রাজু, অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, বীর মুক্তিযোদ্ধা গোপীকা শ্যাম পুরকায়স্থ, নেহার রঞ্জন বাচ্চু, সুব্রত কুমার দেব, কৃপেশ চন্দ্র পাল, প্রদীপ কুমার দেব, চন্দন দাশ, দীপক কুমার দাশ, জিডি রুমু, তুহিন নাগ, পান্না চৌধুরী, নিতাই চন্দ্র পাল, অসীম কুমার সিংহ বাবলু, সবুজ তালুকদার, বিশ্বজিত দেব, সঞ্জয় সিংহ, মিন্টু সিংহ, অর্জুন ঘোষ, কল্লোল জ্যোতি বিশ্বাস জয়, মান্না ভট্টাচার্য, চমক দে পল্লু, টিটন মল্লিক, ঝলক আচার্য্য, সাজন রায় সাজু, রিংকু চক্রবর্তী, হিরন গোস্বামী রিপন, সুকান্ত গুপ্ত, অমিত ত্রিবেদী, মিথিল পাল প্রান্ত, দীবা রানী দে বাবলী, সীমা সরকার, অমিত কুমার ধর, বিশাল চক্রবর্তীসহ আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় ধর্মীয়-সামাজিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।