আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশ নিতে কাতার গেলেন সিলেটের হাফিজ নাজমুস সাকিব
সিলেট প্রতিনিধি:
কাতারে অনুষ্ঠিতব্য শায়খ জাসেম বিন মুহাম্মদ বিন সানী আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা ২০২৬-এ অংশ নিতে কাতারের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন সিলেটের কৃতি হাফিজ ও মেধাবী শিক্ষার্থী নাজমুস সাকিব।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) কাতারের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি। নাজমুস সাকিব সিলেট নগরীর গোটাটিকর-কদমতলীর রহীমিয়া হিফযুল কুরআন একাডেমীর একজন কৃতি শিক্ষার্থী।
আন্তর্জাতিক এ মর্যাদাপূর্ণ কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাওয়ায় নাজমুস সাকিবকে একাডেমির পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। এ সময় প্রতিষ্ঠানের শিক্ষক, সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীরা তার সফলতা কামনা করেন এবং তার জন্য দোয়া করেন।
রহীমিয়া হিফযুল কুরআন একাডেমীর পরিচালক মিসবাহ উজ্জামান বলেন, নাজমুস সাকিবের আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাওয়া একাডেমির জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। বাংলাদেশের প্রতিনিধিত্ব করার এই সুযোগ শুধু তার ব্যক্তিগত অর্জন নয়, বরং সিলেটসহ দেশের মানুষের জন্যও গর্বের।
তিনি বলেন, কুরআন হিফজ ও তিলাওয়াতের ক্ষেত্রে নাজমুস সাকিবের মেধা, অধ্যবসায় ও পরিশ্রম তাকে এই পর্যায়ে নিয়ে এসেছে। আন্তর্জাতিক অঙ্গনে সে যেন নিজের সর্বোচ্চ মেধা ও যোগ্যতার স্বাক্ষর রাখতে পারে—এটাই সবার প্রত্যাশা।
এদিকে, হাফিজ নাজমুস সাকিবের নিরাপদ সফর ও প্রতিযোগিতায় কাঙ্ক্ষিত সাফল্যের জন্য দেশবাসীর কাছে বিশেষভাবে দোয়া চেয়েছেন একাডেমির পরিচালক মিসবাহ উজ্জামান।
উল্লেখ্য, শায়খ জাসেম বিন মুহাম্মদ বিন সানী কুরআন প্রতিযোগিতা কাতারের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে আয়োজিত একটি গুরুত্বপূর্ণ কুরআন প্রতিযোগিতা। প্রতিযোগিতাটির আন্তর্জাতিক শাখা ‘আওয়াল আল-আওয়াইল’ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার বিজয়ীদের অংশগ্রহণের মাধ্যমে বিশেষ মর্যাদা অর্জন করেছে। ২০২৬ সালের আন্তর্জাতিক আয়োজনেও বিশ্বের বিভিন্ন দেশের কৃতী হাফিজদের অংশগ্রহণ রয়েছে।
সিলেটের হাফিজ নাজমুস সাকিবের কাতার যাত্রায় শিক্ষক, পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের পাশাপাশি তার সফলতা নিয়ে প্রত্যাশা তৈরি হয়েছে। মহান আল্লাহ তাআলা তার সফর নিরাপদ ও বরকতময় করুন এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় তাকে কাঙ্ক্ষিত সফলতা দান করুন—এমন প্রত্যাশা সংশ্লিষ্ট সবার।