সি আর দত্ত বীর উত্তম ও রঞ্জন কর্মকারের স্মরণে সিলেটে ঐক্য পরিষদের স্মরণসভা
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান ও মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী প্রয়াত মেজর জেনারেল (অব.) চিত্ত রঞ্জন দত্ত (সি আর দত্ত) বীর উত্তম এবং সংগঠনটির কেন্দ্রীয় প্রেসিডিয়ামের অন্যতম সদস্য ও বিশিষ্ট মানবাধিকার কর্মী প্রয়াত রঞ্জন কর্মকারের স্মরণে সিলেটে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যা ৭টায় নগরীর বন্দরবাজারস্থ ব্রহ্ম মন্দিরে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার যৌথ উদ্যোগে এ স্মরণসভার আয়োজন করা হয়।
ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট বিজয় কৃষ্ণ বিশ্বাসের সভাপতিত্বে এবং মহানগর শাখার সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দেবের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মলয় পুরকায়স্থ।
সভায় বক্তব্য দেন সিলেট মহানগর শাখার সভাপতি অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, পূজা পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোপীকা শ্যাম পুরকায়স্থ, মহানগর শাখার সভাপতি সুব্রত দেব, ঐক্য পরিষদ সিলেট মহানগর শাখার সহসভাপতি ডিকন নিঝুম সাংমা, পূজা পরিষদ সিলেট জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রঞ্জন চন্দ্র ঘোষ, মহানগর শাখার সাধারণ সম্পাদক চন্দন দাশ, জেলা শাখার সাধারণ সম্পাদক দীপক কুমার দাশ, ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক নিধু ভূষণ দাস, মহানগর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দেবব্রত চৌধুরী লিটন, সাংগঠনিক সম্পাদক অরুণ কুমার বিশ্বাস, জেলা শাখার প্রচার সম্পাদক ভানুলাল দাস, দক্ষিণ সুরমা শাখার সাধারণ সম্পাদক অপন দাস, মোগলাবাজার থানার সাধারণ সম্পাদক সুবল দাস, শাহপরাণ থানার সভাপতি বিরেন দেবনাথ, জালালাবাদ থানার সাধারণ সম্পাদক অপরেশ দাস অপু, যুব ঐক্য পরিষদ জেলা শাখার আহ্বায়ক বিদ্যুৎ কান্তি সেন ও মহানগর শাখার আহ্বায়ক রকি দেব প্রমুখ।
স্মরণসভায় প্রয়াত সি আর দত্ত বীর উত্তম ও রঞ্জন কর্মকারের জীবন ও কর্মের ওপর আলোকপাত করেন ঐক্য পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক কৃপেশ চন্দ্র পাল।
বক্তারা বলেন, ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’—এই নীতিতে বিশ্বাসী হয়ে ধর্মীয় রাষ্ট্র নয়, একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র গড়ার যে স্বপ্ন প্রয়াত সি আর দত্ত ও রঞ্জন কর্মকার দেখেছিলেন, তা বাস্তবায়নে নতুন প্রজন্মকে ঐক্যবদ্ধ হতে হবে।
বক্তারা মহান মুক্তিযুদ্ধের ৪ নম্বর সেক্টরের কমান্ডার মেজর জেনারেল (অব.) সি আর দত্ত বীর উত্তম এবং মানবাধিকারকর্মী রঞ্জন কর্মকারের অসাম্প্রদায়িক সমাজ প্রতিষ্ঠা ও মানুষের অধিকার আদায়ের সংগ্রামে অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁদের স্মৃতি সংরক্ষণে আদর্শ ও কর্মময় জীবন থেকে শিক্ষা নিয়ে তা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তাঁরা।
স্মরণসভায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দসহ স্থানীয় অসাম্প্রদায়িক ও মানবাধিকার আন্দোলনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রয়াতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।