রামপালে আন্তর্জাতিক বর্ণবৈষম্য বিলোপ দিবস পালিত
বাগেরহাট প্রতিনিধি:
‘সকল ধরনের বৈষম্য রুখতে চাই রাজনৈতিক সদিচ্ছা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের রামপালে আন্তর্জাতিক বর্ণবৈষম্য বিলোপ দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) সকালে রামপাল উপজেলা পরিষদ মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা’-র আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নাগরিক ফোরামের সভাপতি এম এ সবুর রানা-র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না ফেরদৌসী। বিশেষ অতিথি ছিলেন রামপাল পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক গোপেন্দু চক্রবর্তী। দিবসের মূল প্রবন্ধ উপস্থাপন ও সঞ্চালনার দায়িত্ব পালন করেন নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রিজিয়া পারভীন।
সভায় বক্তারা বিশ্বজুড়ে বর্ণবাদের বিরুদ্ধে লড়াই, সমতা ও ঐক্যের প্রচার এবং জাতিগত অবিচার ও বৈষম্য বিলোপে প্রতিশ্রুতিবদ্ধ থাকার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, সমাজের সকল স্তরে সমতা আনয়ন এবং বৈষম্য দূর করতে শক্তিশালী রাজনৈতিক সদিচ্ছা ও সামাজিক সচেতনতা প্রয়োজন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নাগরিক ফোরামের সহ-সভাপতি লায়লা সুলতানা, সাধারণ সম্পাদক এঞ্জেল মৃধা, কার্যনির্বাহী সম্পাদক মো: মোজাফফর হোসেন, সদর ইউনিয়ন নাগরিক ফোরামের সভাপতি মোতাহার হোসেন মল্লিক, সহ-সভাপতি ছবি রানী মন্ডল, সাধারণ সম্পাদক কাজী ফারজানা মুন্নি, সদস্য শওকাত আলী, গৌরম্ভা ইউনিয়ন নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক রিক্তা আক্তার, কার্যনির্বাহী সম্পাদক মো: মোহতাদির ও সাবিনা খাতুন প্রমুখ।
দাতা সংস্থা জিএফএ কনসাল্টিং গ্রুপ এবং মানুষের জন্য ফাউন্ডেশন-এর অর্থায়নে, ‘আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট (উই ক্যান)’-এর সহযোগিতায় নাগরিক প্রকল্পের আওতায় এই অনুষ্ঠানটি আয়োজিত হয়।