logo
চ্যানেল জৈন্তা নিউজ
জাতীয় ২৭ মার্চ ২০২৬ ০১:৪৯ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

জাতীয় দিবসের প্যারেডে প্রথমবার বিজিবির যান্ত্রিক বহর

চ্যানেল জৈন্তা নিউজ ২৭ মার্চ ২০২৬ ০১:৪৯ পূর্বাহ্ন জাতীয়
চ্যানেল জৈন্তা নিউজ ২৭ মার্চ ২০২৬ ০১:৪৯ পূর্বাহ্ন
জাতীয় দিবসের প্যারেডে প্রথমবার বিজিবির যান্ত্রিক বহর


ঢাকা, ২৬ মার্চ ২০২৬: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দিনটি উদযাপন করেছে। এবারের উদযাপনের অন্যতম আকর্ষণ ছিল দীর্ঘ ১৮ বছর পর আয়োজিত জাতীয় প্যারেডে প্রথমবারের মতো বিজিবির আধুনিক যান্ত্রিক বহরের অংশগ্রহণ।


আজ সকালে রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় প্যারেড স্কয়ারে আয়োজিত স্বাধীনতা ও জাতীয় দিবসের প্যারেডে বিজিবির একটি সুসজ্জিত কনটিনজেন্ট অংশ নেয়। সম্মিলিত কুচকাওয়াজের মাধ্যমে বাহিনীটি মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিবাদন জানায়।


প্যারেডে বিজিবি তাদের আধুনিক সামরিক ও কৌশলগত সক্ষমতা তুলে ধরে। প্রদর্শনীতে ছিল বিজিবি এয়ার উইংয়ের হেলিকপ্টার ফ্লাইপাস্ট, এন্টি ট্যাংক গাইডেড উইপন্স (ATGW), আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ার (APC), রায়ট কন্ট্রোল ভেহিকল (RCV), কুইক রেসপন্স ফোর্স (QRF), র‍্যাপিড অ্যাকশন টিম (RAT), অল টেরেইন ভেহিকল (ATV) এবং K-9 ইউনিটের প্রশিক্ষিত ডগ স্কোয়াড। এতে সীমান্ত সুরক্ষা, অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষা এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিজিবির আধুনিক সক্ষমতার চিত্র উঠে আসে।


এদিকে দিবসটি উপলক্ষে সকালে পিলখানাস্থ বিজিবি সদর দপ্তরসহ সারাদেশে সকল ইউনিটে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। সাভারে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে অংশ নেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। পরে তিনি পিলখানায় ‘সীমান্ত গৌরব’-এ পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।


এছাড়া যশোরে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ এবং রাঙ্গামাটিতে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের সমাধিতে বিজিবির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। দিবসটি উপলক্ষে শিশুদের জন্য বিজিবি জাদুঘর ও চিড়িয়াখানা উন্মুক্ত রাখা হয়। একই সঙ্গে দেশ, জাতি ও বাহিনীর সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/14350
Page of