কর্মশালায় অংশগ্রহণকারী কর্মক্ষেত্রে দক্ষ মানুষ হিসেবে গড়ে উঠবে
প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারী কর্মক্ষেত্রে দক্ষ মানুষ হিসেবে গড়ে উঠবে বলে মন্তব্য করেছেন সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক।
‘শিশুর চোখে শিশুর গল্প’ প্রতিপাদ্যকে নিয়ে বুধবার বিকালে সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে হলরুমে দুই দিনব্যাপী শিশু সাংবাদিকতার কর্মশালার সনদপত্র বিতরণকালে এ কথা বলেন।
এতে সিলেটের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ২০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
মঙ্গলবার সকালে কর্মশালার উদ্বোধন করেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) পদ্মাসন সিংহ।

ইউনিসেফের সহযোগিতায় শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালায় বিভিন্ন কলা-কৌশল, শিশু অধিকার ও ভিডিও কন্টেন্ট নির্মাণ বিষয়ক বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হয়।
উপাচার্য জহিরুল হক বলেন, ‘এই প্রশিক্ষণ কর্মশালা আপনাদের দক্ষ মানুষ হিসেবে গড়তে বড় ভূমিকা রাখবে। কর্মশালায় অংশগ্রহণকারী সবাই সাংবাদিকতা করবেন না, কেউ ডাক্তার, কেউ বা ইঞ্জিনিয়ার হবেন। তবে এই দুই দিনের প্রশিক্ষণ আপনাদের সারাজীবন কাজে লাগবে। কারণ আপনি জেনে গেছেন কিভাবে তথ্য পেতে হবে, তথ্যের সত্যতা কিভাবে যাচাই করতে হবে। আপনাদের অধিকার সর্ম্পকে জেনেছেন এই কর্মশালায়। নিজেদের সঠিক পথে চলতে হলে কি করতে হবে শিখেছেন।’
প্রশিক্ষণ নিয়ে নিজেদের ভবিষ্যৎ জীবনে উন্নতি করতে হবে জানিয়ে তিনি বলেন, ‘ভবিষ্যৎতে আপনারা যে পেশায় যান না কেন, সাংবাদিকতার প্রশিক্ষণ আপনাদের কর্মক্ষেত্রে কাজে লাগবে। সাংবাদিকরা মানুষের অধিকার আদায়ে কাজ করে। তথ্যের আলোকে সমাজকে আলোকিত করা, অন্যায়ের বিরুদ্ধে সাধারণ মানুষের কণ্ঠস্বর হিসেবে কাজ করেন সাংবাদিকরা।’
সনদপত্র বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন হ্যালোর সিলেট জেলা তত্ত্বাবধায়ক ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি বাপ্পা মৈত্র। প্রশিক্ষক হিসেবে ছিলেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আন্তর্জাতিক ডেস্কের সহ-সম্পাদক তনুশ্রী বিশ্বাস।