logo
চ্যানেল জৈন্তা নিউজ
মৌলভীবাজার ১০ নভেম্বর ২০২৬ ১১:০৬ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ
তিন বিশিষ্ট কবি-গবেষককে সম্মাননা প্রদান, তিনটি বইয়ের মোড়ক উন্মোচন

কমলগঞ্জে পাঙাল সাহিত্য সংসদের উদ্যোগে গুণীজন সংবর্ধনা

চ্যানেল জৈন্তা নিউজ ১০ নভেম্বর ২০২৬ ১১:০৬ পূর্বাহ্ন মৌলভীবাজার
চ্যানেল জৈন্তা নিউজ ১০ নভেম্বর ২০২৬ ১১:০৬ পূর্বাহ্ন
কমলগঞ্জে পাঙাল সাহিত্য সংসদের উদ্যোগে গুণীজন সংবর্ধনা

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:

মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরী মুসলিম বা পাঙাল সম্প্রদায়ের সাহিত্য ও সংস্কৃতির বিকাশে কাজ করা সংগঠন ‘পাঙাল সাহিত্য সংসদ’-এর উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (৭ নভেম্বর) বিকেলে উপজেলার আদমপুর বাজারসংলগ্ন তেতইগাঁও মণিপুরী কালচারাল কমপ্লেক্সের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


পাঙাল সাহিত্য সংসদের সভাপতি, কবি ও লেখক সাজ্জাদুল হক স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনের যুগ্ম সম্পাদক কবি হুমায়ুন রেজা সোহেল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. শরদিন্দু ভট্টাচার্য।


সাহিত্য ও গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ অনুষ্ঠানে বাংলা একাডেমির ফেলো কবি এ কে শেরাম, বিশিষ্ট লেখক ও গবেষক হাজী আব্দুস সামাদ এবং ভারতের আসামের ‘নাহারোল রাইটার্স ফোরাম’-এর সভাপতি তাহির সাজবমকে বিশেষ সম্মাননা ও উত্তরীয় প্রদান করা হয়।


অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন পাঙাল সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক ও কবি রওশন আরা বাঁশী। পরে আমন্ত্রিত অতিথিরা সংবর্ধিত গুণীজনদের জীবন, সাহিত্যকর্ম ও গবেষণায় অবদান নিয়ে আলোচনা করেন।


অনুষ্ঠানের একপর্যায়ে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা সংবর্ধিত ব্যক্তিদের জীবনী পাঠ করেন। পাশাপাশি স্মারক সংকলন ‘খোন্থোক’, কবি সাজ্জাদুল হক স্বপনের প্রবন্ধগ্রন্থ ‘পাঙাল নারী’ এবং কবি রওশন আরা বাঁশীর কাব্যগ্রন্থ ‘শূন্যতারও ফুল ফুটে’-এর মোড়ক উন্মোচন করেন।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও লেখক ড. রাজমনি সিংহ, ত্রিপুরার বিশিষ্ট কবি ও লেখক এল. বীরমঙ্গল এবং কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওন।


এ ছাড়া অনুষ্ঠানে পাঙাল সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন কবি-সাহিত্যিক, সুশীল সমাজের প্রতিনিধি ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।


পরিশেষে এক নান্দনিক সাহিত্য আড্ডার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। আয়োজকদের এ উদ্যোগ পাঙাল সম্প্রদায়ের সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্য চর্চায় নতুন প্রেরণা জোগাবে বলে অনুষ্ঠানে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/18811
Page of