logo
চ্যানেল জৈন্তা নিউজ
আন্তর্জাতিক ১১ নভেম্বর ২০২৬ ১২:৫৪ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

আনতালিয়ায় এরদোয়ান-তারেক রহমানের বৈঠক: বাণিজ্য, প্রতিরক্ষা ও রোহিঙ্গা ইস্যুতে সহযোগিতার আশ্বাস

চ্যানেল জৈন্তা নিউজ ১১ নভেম্বর ২০২৬ ১২:৫৪ পূর্বাহ্ন আন্তর্জাতিক
চ্যানেল জৈন্তা নিউজ ১১ নভেম্বর ২০২৬ ১২:৫৪ পূর্বাহ্ন
আনতালিয়ায় এরদোয়ান-তারেক রহমানের বৈঠক: বাণিজ্য, প্রতিরক্ষা ও রোহিঙ্গা ইস্যুতে সহযোগিতার আশ্বাস

আন্তর্জাতিক ডেস্ক:

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় ম্যাক্স রয়্যাল হোটেলে স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে বৈঠক শুরু হয়। প্রায় ৩০ মিনিট স্থায়ী এ বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক পরিস্থিতি এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।


বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ ও প্রতিরক্ষা শিল্পসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বলেন, বিভিন্ন ক্ষেত্রে, বিশেষ করে বাণিজ্য ও প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা সম্প্রসারণে বাংলাদেশ ও তুরস্কের আরও পদক্ষেপ নেওয়া উভয় দেশের জন্য ইতিবাচক হবে।


তুরস্কের সরকারি যোগাযোগ অধিদপ্তরের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি জানায়, বৈঠকে বাংলাদেশ-তুরস্ক সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক বিভিন্ন বিষয় আলোচনায় স্থান পায়।


বৈঠকে কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মানবিক পরিস্থিতি আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বের সঙ্গে তুলে ধরার প্রচেষ্টা অব্যাহত রাখার কথাও জানান এরদোয়ান। তিনি প্রায় ১০ লাখ রোহিঙ্গার মানবিক পরিস্থিতির বিষয়টি উল্লেখ করেন।


জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশের প্রয়োজনীয়তার বিষয়েও কথা বলেন তুরস্কের প্রেসিডেন্ট। বন্যা ব্যবস্থাপনা ও জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নের মতো প্রকল্পগুলোকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায় তুরস্কের ‘ক্লাইমেট ইমপ্লিমেন্টেশন ব্রিজ’ উদ্যোগ সহায়ক হতে পারে।


বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। তুরস্কের পক্ষে দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এবং প্রেসিডেন্টের পররাষ্ট্র ও নিরাপত্তাবিষয়ক প্রধান উপদেষ্টা আকিফ চাগাতায় কিলিচ উপস্থিত ছিলেন।


এর আগে মঙ্গলবার সকালে তিন দিনের সরকারি সফরে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও সফরসঙ্গীরা। তুর্কি এয়ারলাইনসের একটি ফ্লাইট সকাল ৭টা ৩০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। ইস্তাম্বুলে যাত্রাবিরতির পর স্থানীয় সময় বিকেল ৪টা ৩ মিনিটে ফ্লাইটটি আনতালিয়া বিমানবন্দরে পৌঁছায়।


জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ৩১তম সম্মেলন (কপ৩১)-এর বিশ্বনেতাদের শীর্ষ সম্মেলনে অংশ নিতেই প্রধানমন্ত্রীর এ সফর। ৯ থেকে ২০ নভেম্বর পর্যন্ত আনতালিয়ায় অনুষ্ঠিত হচ্ছে কপ৩১। সম্মেলনের অংশ হিসেবে ১১ ও ১২ নভেম্বর অনুষ্ঠিত হচ্ছে বিশ্বনেতাদের শীর্ষ সম্মেলন।


আগামী ১২ নভেম্বর সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। সেখানে বাংলাদেশের জলবায়ু ঝুঁকি, জলবায়ু ন্যায়বিচার, উন্নত দেশগুলোর ঐতিহাসিক দায়বদ্ধতা, জলবায়ু অর্থায়ন, অভিযোজন এবং জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতি মোকাবিলার বিষয়গুলো তুলে ধরবেন তিনি।


পররাষ্ট্রসচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী জানিয়েছেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় অভিযোজন অর্থায়ন নিশ্চিত করা, ক্ষয়ক্ষতি মোকাবিলায় কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং উন্নত দেশগুলোর জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি বাস্তবায়ন বাংলাদেশের গুরুত্বপূর্ণ অগ্রাধিকার।


এদিকে কপ৩১ সম্মেলনে পরিবেশবান্ধব পণ্য হিসেবে পাটের ব্যবহার ও সম্ভাবনা তুলে ধরতে বাংলাদেশের পক্ষ থেকে গ্রিন জোনে পাটের বিশেষ প্যাভিলিয়ন স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। সম্মেলন চলাকালে পাট ও পাটজাত পণ্যের ব্যবহার ও প্রসারে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে একটি যৌথ ঘোষণাও স্বাক্ষরের প্রত্যাশার কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।


প্রধানমন্ত্রীর এ সফরে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে আরও কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠকের কর্মসূচি রয়েছে। এসব বৈঠকের মাধ্যমে বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্ক, অর্থনৈতিক অংশীদারত্ব এবং জলবায়ু কূটনীতিকে আরও এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হচ্ছে।


বিশ্লেষকদের মতে, আনতালিয়ায় এরদোয়ান ও তারেক রহমানের এ বৈঠক বাংলাদেশ-তুরস্ক সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কূটনৈতিক যোগাযোগ। বিশেষ করে বাণিজ্য, প্রতিরক্ষা শিল্প, রোহিঙ্গা সংকট ও জলবায়ু সহযোগিতায় দুই দেশের ভবিষ্যৎ অংশীদারত্ব সম্প্রসারণের সম্ভাবনা তৈরি হয়েছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/18849
Page of