শ্রীমঙ্গলে ৭ নভেম্বরের চেতনায় বিএনপির শোভাযাত্রা, ঐক্যবদ্ধ থাকার আহ্বান
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শোভাযাত্রা ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। রবিবার (৮ নভেম্বর) বিকেলে উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
বিকেল ৩টার দিকে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন এলাকা থেকে শোভাযাত্রাটি শুরু হয়। নেতাকর্মীদের অংশগ্রহণে শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌমুহনায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, ঐতিহাসিক ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখতে জাতীয়তাবাদী শক্তির মধ্যে ঐক্য ও সংহতি বজায় রাখা জরুরি। আগামী দিনের রাজনৈতিক ও গণতান্ত্রিক কর্মকাণ্ডে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।
অনুষ্ঠানে বক্তব্য দেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক সাধারণ সম্পাদক তাজ উদ্দিন তাজু, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক রাশেদুল হাসান, মৌলভীবাজার জেলা যুবদলের সহসভাপতি নিয়ামুল হক তরফদার, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহ উদ্দিন, সাবেক যুবদল নেতা ও যুগ্ম আহ্বায়ক মো. আজির উদ্দিন, রুবেল আহমেদ, পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদির, যুবদল নেতা ফখরুল ইসলাম ও রাজিব আহমেদ এবং ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রাজা মিয়া।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জালাল উদ্দিন, পৌর ছাত্রদলের সদস্যসচিব রিমন আহমেদ, ছাত্রদল নেতা রুহিন আহমেদ ও জুবেদ আহমেদসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।